কলকাতা মেডিক্যাল কলেজে আত্মহত্যার চেষ্টা এক মহিলা স্বাস্থ্যকর্মীর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সুপার-স্পেশালিটি ব্লক (এসএসবি)-এর উল্টো দিকে থাকা স্টাফ কোয়ার্টারে ঘটনাটি ঘটে। ওই স্বাস্থ্যকর্মী এসএসবি ব্লকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রাতে স্টাফ কোয়ার্টারে তিনি ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি সহকর্মীদের নজরে আসতেই তাঁকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিপিআর রুমে তাঁর জীবনদায়ী চিকিৎসা চলছে।
সূত্রের খবর, ওই স্বাস্থ্যকর্মীর নাম মমতাজ বেগম। তাঁর অভিযোগ, জিতু গোস্বামী এবং পঙ্কজ ত্রিপাঠী নামে দু’জন তাঁকে বেশ কয়েকদিন ধরে হেনস্থা করছিলেন। মুচিপাড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। তিনি কাজ সেরে বাড়ি ফেরার সময়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময়ে ধাক্কায় পড়ে যান মমতাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘খবরটি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষকে সব রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
এ দিকে, বুধবারই এনআরএস মেডিক্যাল কলেজেও এক মহিলা নার্সের রহস্য মৃত্যু হয়েছে। শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তিনিও আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক সন্দেহ। পরপর মধ্য কলকাতার দুই মেডিক্যাল কলেজে মহিলা স্বাস্থ্যকর্মীদের এমন ঘটনায় স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।