স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময়ে নিরাপত্তার একচুলও গাফিলতি করা যাবে না। নিয়ম মেনে কড়া ভাবে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত পুলিশকর্মীদের কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা।
বৃহস্পতিবার, থানা ও ট্র্যাফিক গার্ডের ওসি, অন্য পুলিশ কর্তাদের মাধ্যমে ডিউটিরত পুলিশ ও আধিকারিকদের কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা নির্দেশ দিয়েছেন, তাঁরা রেড রোডে ডিউটিতে যেন অন্য কিছুতে ব্যস্ত না হয়ে পড়েন। অর্থাৎ কেউ যেন মোবাইল না ঘাঁটেন বা ছবি বা ভিডিয়ো তুলতে ব্যস্ত না হয়ে পড়েন। রেড রোডে আইন শৃঙ্খলা রক্ষা ও কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের লোক জন ও দর্শকদের উপরেও কড়া নজর রাখতে বলা হয়েছে।
শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক ভিভিআইপি ও ভিআইপি। সাম্প্রতিক সময়ে শহরের উপকণ্ঠ থেকে জঙ্গি সংগঠনের সদস্য ও পাক চর গ্রেপ্তারের ঘটনায় গোয়েন্দারা অ্যালার্ট। সেই কারণেই এ বার নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি করা হয়েছে।
লালবাজারের কর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরে দেখা গিয়েছে ডিউটির সময়ে অনেক পুলিশকর্মীকে মোবাইল ঘাঁটতে, প্যারেডের ছবি তুলতে বা সেলফি তুলতে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। এই বছর সেই প্রবণতা বন্ধ করতেই বৃহস্পতিবার থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের মাধ্যমে নির্দেশ পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশের আরও নির্দেশ, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান কর্মসূচিতে যাওয়ার পরেই সাধারণত দর্শকরা রাস্তায় নেমে আসেন এবং পুলিশের নজরদারি শিথিল হয়। এ বার অনুষ্ঠান পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনও দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পুলিশের ডিউটিও এক মুহূর্তের জন্য শিথিল হবে না।
শহরের হোটেলগুলিতেও চলছে তল্লাশি। বাইরে থেকে কেউ এসেছে কি না? নাম ভাঁড়িয়ে কেউ রয়েছে কি না? সব খুঁজতে রেজিস্টার খাতা চেক করবে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখে চালানো হবে নজরদারি।