• নতুন করে আরজি কর ফাইল খুলতেই, নির্মল ঘোষের পরেই গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • নতুন করে আরজি কর ফাইল খুলতেই গ্রেপ্তার হলেন এক প্রাক্তন কাউন্সিলর-ও।

    আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এর পরেই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাতেই চিনার পার্ক থেকে তাঁকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনার খড়দহ থানার পুলিশ ৷

    নতুন করে তদন্তের নির্দেশ

    গত ৯ অগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আরজি করের ছাত্রীর দেহ তড়িঘড়ি দাহ করা নিয়ে নতুন করে তদন্ত করার জন্য ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই ঘটনার তদন্ত করছে সিবিআই। তার পরেও বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ করে পুনর্তদন্তের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

    নতুন করে অভিযোগ দায়ের

    মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নতুন করে অভিযোগ দায়ের করেন আরজি করের নির্যাতিতার বাবা। সোমবার ওই অভিযোগ দায়ের করেন তিনি। তাতে নাম আছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্মশান ঘাটের তড়িঘড়ি দেহ দাহ করার ব্যবস্থা হয়েছিল বলে অভিযোগ তাঁর।

    ওডিশা থেকে গ্রেপ্তার নির্মল ঘোষ

    পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের মদতে দ্রুত অভয়ার দেহ দাহ করা হয় বলে অভিযোগ। সেই মামলাতেই ওডিশার পুরী লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষকে। সেখানকার একটি আদালতে পেশ করার পরে ট্রানজ়িট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে তাঁকে। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে। যদিও, তাঁর বাবা রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ।

    রাতেই গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর

    এর পরে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। তিনি অভয়ার প্রতিবেশী। কেন সঞ্জীব দেহ সৎকার করতে সক্রিয় হয়ে উঠেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়কে। চিনার পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করার পরে বৃহস্পতিবার রাতেই তাঁকে নিয়ে আসা হয় খড়দহ থানায়। শুক্রবার তাঁকে পেশ করা হবে আদালতে।

  • Link to this news (এই সময়)