পার্ক স্ট্রিট কাণ্ডের সময়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। তৃণমূল কংগ্রেসের সরকার থাকার সময়ে তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়। তবে রাজ্যে পালাবদলের পরে আবার তাঁকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দময়ন্তী সেনকেই এ বার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী পদক। অসাধারণ কাজের জন্য তাঁকে দেওয়া হচ্ছে ‘চিফ মিনিস্টার্স মেডেল’ (Chief Minister’s Medal for Outstanding Service)। আরও কয়েক জন পুলিশ আধিকারিকের সঙ্গে, শনিবার, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে তাঁকে।
পার্ক স্ট্রিট কাণ্ডে তিরস্কার
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া দময়ন্তী সেন কলকাতা পুলিশের ইতিহাসের প্রথম মহিলা জয়েন্ট সিপি (ক্রাইম)। তবে ২০১২ সালে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের সময় তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিটের ঘটনাটি ধর্ষণ বলে স্পষ্ট ভাবেই জানিয়েছিলেন দময়ন্তী সেন। যদিও ওই ঘটনাকে ‘সামান্য ঘটনা’ বলে সেই তত্ত্ব নাকচ করে দিয়েছিলেন তিনি, সেই সঙ্গেই তিরস্কারের মুখে পড়তে হয়েছিল তৎকালীন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বে থাকা দময়ন্তী সেনকে। এর পরেই তাঁকে কোণঠাসা করা হয়। কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয় তাঁকে।
পালাবদলের পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব
তবে, রাজ্যে পালাবদলের পরে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দময়ন্তী সেনকে। এখন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর এডিজি পদে আছেন তিনি। এরই পাশাপাশি, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্যে নারী ও শিশু নির্যাতনের তদন্তে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই নেতৃত্বে আছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর তদন্তের মূল দায়িত্বে আছেন দময়ন্তী সেন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদক
আর, রাজ্যে সরকার পরিবর্তনের সেই দময়ন্তী সেনকেই এ বার দেওয়া হচ্ছে ‘Chief Minister’s Medal for Outstanding Service’। তবে শুধুমাত্র দময়ন্তী সেনকেই নয় ‘অসাধারণ সেবার’ জন্য মোট ছ'জন আইপিএস আধিকারিককে নির্বাচিত করা হয়েছে। এই তালিকায় দময়ন্তী সেন ছাড়াও রয়েছেন অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল।
এ ছাড়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘প্রশংসনীয় সেবার জন্য’ (‘Chief Minister’s Medal for Commendable Service 2026’) বেছে নেওয়া হয়েছে আরও আটজন আইপিএস আধিকারিককে। এই পদক দেওয়া হবে কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোড় অমিতকুমার ভারত, সূর্য প্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা, সচিন মাক্কার এবং অরবিন্দ কুমার আনন্দকে।