• কথা রাখলেন পুরমন্ত্রী, খুদের এক ফোনেই শিশু উদ্যান সাফাই
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • এই সময়, আসানসোল: পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে টোল-ফ্রি নম্বরে ফোন করে পার্ক সাফাইয়ের অনুরোধ জানিয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। খুদেকে দেওয়া সেই কথা রাখতেই এ বার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে আসানসোল পুরসভা। খোদ পুর কমিশনার নিজে দাঁড়িয়ে থেকে উষাগ্রাম এলাকার একাধিক শিশু উদ্যান পরিষ্কারের কাজ তদারকি করছেন।

    নাগরিকদের অভাব-অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার জন্য পুরমন্ত্রী একটি টোল-ফ্রি নম্বর চালু করেছেন, যেখানে প্রতিদিন এক ঘণ্টা তিনি সাধারণ মানুষের কথা শোনেন। সেই নম্বরেই ফোন করে আসানসোলের শিশু উদ্যানগুলি পরিষ্কার ও বিনোদনের বন্দোবস্ত করার আবেদন জানায় ওই ছাত্রী। মন্ত্রীর কড়া নির্দেশের পরএ বৃহস্পতিবার থেকেই সাফাই অভিযান শুরু করেছে পুর কর্তৃপক্ষ।

    কাজের তত্ত্বাবধানে নেমে আসানসোলের পুর কমিশনার দিলীপ মিশ্র বলেন, ‘মন্ত্রীর নির্দেশেই শহরের পার্কগুলি সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। শিশু ও প্রবীণরা যাতে নির্বিঘ্নে সময় কাটাতে পারেন, তাঁদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।’

    এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘শহরের শিশু উদ্যানগুলির খোল-নলচে বদলে ফেলা হবে। নাগরিকদের একটু স্বস্তির পরিবেশ ও এক টুকরো অক্সিজেন দিতে পার্কগুলি নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।’ পুরসভা সূত্রে খবর, আসানসোল শহরে এই ধরনের প্রায় ১৭টি উদ্যান রয়েছে। উপযুক্ত তদারকির অভাবে এতদিন বিনোদনের বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়েছিল। এ বার সেগুলিকে নতুন করে রূপ দেওয়ার কাজ শুরু হলো।

  • Link to this news (এই সময়)