• WB Weather: কলকাতার গা ঘেঁষে ঝাড়খণ্ডে সরছে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। কিন্তু তা হয়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শুক্রবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে। তার জেরে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ছবিটাও আলাদা নয়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, কোচবিহার-সহ একাধিক জেলায়।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ দিন দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। তবে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দাপট বেশি থাকার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় রয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

    কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এ দিন সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশ দিয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তার যাত্রাপথে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে।

    উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সপ্তাহান্তে উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

    আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের গতিপথ শেষ মুহূর্তে কিছুটা বদলে যাওয়াতেই কলকাতায় পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ উপগ্রহচিত্র ও রাডারে দেখা যায়, নিম্নচাপের মূল অংশ কলকাতার উপর দিয়ে এগোচ্ছে। কিন্তু পরে সেটি আচমকাই দক্ষিণ-পশ্চিমে সরে যায়। ফলে কলকাতা, হাওড়া ও হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির বলয় থেকে বেরিয়ে যায়। বিপরীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। তবে এ দিন নিম্নচাপটি কলকাতার খুব কাছ দিয়ে অতিক্রম করায় শহরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপথের একেবারে কাছে থাকায় কলকাতায় বৃষ্টির তীব্রতাও বাড়তে পারে।

    প্রশ্ন: শুক্রবার কলকাতায় কি ভারী বৃষ্টি হবে?

    উত্তর: কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপথ শহরের কাছাকাছি থাকায় কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

    প্রশ্ন: কলকাতায় পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বৃষ্টি কেন হয়নি?

    উত্তর: আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের গতিপথ শেষ মুহূর্তে বদলে যাওয়াই এর অন্যতম কারণ। দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাওয়ায় কলকাতা, হাওড়া ও হুগলি মূল বৃষ্টির বলয়ের বাইরে চলে যায়।

    প্রশ্ন: কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা?

    উত্তর: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    প্রশ্ন: কলকাতায় কি বজ্রপাত হতে পারে?

    উত্তর: বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। তাই বাইরে বেরোলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    প্রশ্ন: উত্তরবঙ্গে কোথায় ভারী বৃষ্টি হতে পারে?

    উত্তর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    প্রশ্ন: নিম্নচাপটি কোথায় যাবে?

    উত্তর: শুক্রবার সকালে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাওয়ার পথে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে।

  • Link to this news (এই সময়)