• রক মিউজিক, ডিজে শো, গোয়ার মেজাজ মন্দারমণির সানবার্ন ফেস্টিভ্যালে
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • সোমনাথ মাইতি, মন্দারমণি

    মন্দারমণির সৈকতে সানি লিওনির ফটো শ্যুট। এ বার সানবার্ন ফেস্টিভ্যাল। তা হলে কী সত্যিই বঙ্গোপসাগরের এই সৈকত টক্কর দিতে চলেছে গোয়ার সঙ্গে? স্বাধীনতা দিবসের উইকেন্ডে জমজমাট হয়ে উঠতে চলেছে বাঙালির এই জনপ্রিয় ডেস্টিনেশন। যার কেন্দ্রে রয়েছে এই সানবার্ন ফেস্টিভাল। আরব সাগরের পাড়ে গোয়ায় ২০০৮-এ প্রথম শুরু হয়েছিল ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল বা সানবার্ন ভেস্টিভ্যাল নামে হলেও। তার সঙ্গে বঙ্গবাসীর পরিচয় তেমন নেই বললেই চলে। তবে এই প্রথমবার তার স্বাদ পেতে চলেছে এই রাজ্য। ডেস্টিনেশন মন্দারণি।

    দিঘার তুলনায় নবীন দেশের অন্যতম দীর্ঘ ড্রাইভ ইন সমুদ্র সৈকত মন্দারমণি। ৩ কিলোমিটার দীর্ঘ নির্জন সোনালি সৈকত পর্যটকদের আকর্ষণের প্রধান কারণ। স্বাধীনতা দিবসের ছুটিতে এই সোনালি সৈকতে গোয়ার ছোঁয়া লাগতে চলেছে। আগামী ১৬ অগস্ট রাজ্যে প্রথম সানবার্ন ফেস্টিভ্যালের আসর বসতে চলেছে। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ,ডিজে আর আলোর খেলার সঙ্গে নামিদামী শিল্পীদের লাইভ পারফরমেন্সে, বিচসাইড স্টেজের সঙ্গে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শোতে মোহময়ী হয়ে উঠবে মন্দারমণি।

    রক মিউজিক, ডিজে শো সঙ্গে চোখ ধাঁঝানো লাইট আর লেজ়ার শো। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন তো রয়েইছে। এই উৎসবে গা ভাসাতে বিদেশি পর্যটকেরাও ছুটে আসেন গোয়ায়। পকেট ভরে ওঠে পর্যটন ব্যবসায়ীদের। প্রতি ডিসেম্বরে গোয়ায় এই উৎসব হলেও মন্দামণি কিন্তু মেতে উঠবে ভরা বর্ষাতেই আগামী ১৬ অগস্ট মন্দারমণির একটি রিসর্টের সৈকতে হবে এই ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে। সিংহভাগ টিকিট নাকি বিক্রিও হয়ে গিয়েছে বলে জানিয়েছে আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। টিকিটের দাম ১,৯৯৯ টাকা (সাধারণ পাস) আর ৪,৯৯৯ টাকা (ভিআইপি পাস)। এ ছাড়াও উৎসাহী পর্যটকদের জন্য রয়েছে একাধিক প্যাকেজও। যে রিসর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সব রুম বুক হয়ে গিয়েছে।

    জানা গিয়েছে, দেশের জনপ্রিয় ডিজে শিল্পী কুনাল জি, ডিজে সারটেক, অ্যান্টিম, দিবেশ, হুদিনি, ডিএনএ, ট্যাট্রিক্স, রিটজির খ্যাতনামারা পারফর্ম করবেন এই ফেস্টিভ্যালে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের কথায়, ‘মন্দারমণি জুড়ে পর্যটকদের ঢল নামতে চলেছে এই উৎসবকে ঘিরে। শুধু স্থানীয় বা রাজ্যের পর্যটকরা নন, এই উৎসবের কারণে মান্দারমণি নিয়ে আগ্রহ বাড়ছে দেশ বিদেশের পর্যটকদেরও।’ মন্দারমণি হোটেল মালিক সংগঠনের সভাপতি মীর মমরেজ আলি বলেন, ‘সানবার্ন ফেস্টিভ্যালের মতো একটা উৎসব মন্দারমণিতে অনুষ্ঠিত হতে চলেছে শুনে ভালো লাগছে। মন্দারমণির মতো এতো দীর্ঘ সুন্দর বিচ আর কোথাও দেখা যায় না। আমরা চাই দেশ বিদেশের পর্যটকরাও ছুটি কাটাতে আসুক। আমরা শীত কালে বিচ ফেস্টিভ্যালের আয়োজনের পরিকল্পনা করেছি।’

  • Link to this news (এই সময়)