• কেওয়াইসির জন্য ওভেন কেনার চাপ, টাকা নেওয়ারও অভিযোগ, প্রতিবাদ গ্রাহকদের
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • এই সময়,চন্দ্রকোণা: রান্নার গ্যাসের কেওয়াইসি করানোর সময়ে ওভেন, রেগুলটর– সহ একাধিক সামগ্রী কেনার চাপ দিচ্ছে ডিলার অফিস। এমন কী জিনিস না কিনলে গ্যাসের পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার চন্দ্রকোণার গোঁসাইবাজার ও দক্ষিণবাজারে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

    কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে রান্নার গ্যাসের ডিলারদের কাছে কেওয়াইসি জমা করার জন্য গ্রাহকরা ভিড় করছেন প্রতিদিন। চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজার ও ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণবাজার এলাকায় দুটি গ্যাস ডিস্ট্রিবিউটার অফিসেও বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেছিলেন গ্রাহকরা। অফিস খোলার আগে থেকেই লাইন পড়ছিল অফিসে। কিন্তু চন্দ্রকোণার এই দু’টি ডিলারের অফিসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

    তাঁদের অভিযোগ, কেওয়াইসি জমা নেওয়ার সময়ে রান্না একাধিক সামগ্রী কেনার জন্য চাপ তৈরি করছেন। ঝুমা ধাড়া নামে এক গ্রাহক বলেন, ‘ কেওয়াইসি করাতে ১৪০ টাকা নেওয়া হয়েছে। সঙ্গে একটি অগ্নি নির্বাপণ যন্ত্র দেওয়া হয়েছে তার জন্য কারও কাছে ছ’শো আবার কারও কাছে আটশো টাকা করে নেওয়া হচ্ছে। না নিলে বলে দেওয়া হচ্ছে গ্যাস মিলবে না।’ আর এক গ্রাহক বিনয় কর বলেন, ‘ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার উপরে অফিসের কর্মীরা বিভিন্ন সামগ্রী কেনার জন্য চাপ দিচ্ছেন। কাউকে পাইপ, রেগুলেটার আবার কাউকে ফায়ার বল ও আগুন নেভানোর জন্য একটি যন্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে। এ ভাবে জোর করা হবে কেনো?

    বিক্ষোভের খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা। গ্রাহকদের থেকে অভিযোগ শুনে অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয় বিজেপি নেতা অনিন্দ্য গোস্বামী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এরকম কোনও নিয়ম বা গাইডলাইন নেই যে বাধ্যতামুলক ভাবে গ্রাহকদের গ্যাসের বিভিন্ন সামগ্রী কিনতে হবে। আমরা ডিলারদের সঙ্গে কথা বলেছি, গ্রাহকদের হয়রানি করা বন্ধ করতে বলা হয়েছে। না হলে প্রশাসনের দ্বারস্থ হবো।’ যদিও গ্রাহকদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডিলারের অফিসের কর্মীরা। গোঁসাইবাজার গ্যাসের দোকানের কর্মী তপন পোড়িয়া বলেন, ‘কারও কাছে জোর করা হচ্ছে না। যাঁরা কিনেছেন তাঁদের সবাইকে বিল দেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)