• অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেপ্তার করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আপাতত গ্রেপ্তার করা যাবে না। রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, সুমিতের রক্ষাকবচের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট।

    শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুজয় হাজরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই সুমিতের খোঁজ করছিল সিআইডি। কিন্তু তাঁর হদিশ মেলেনি দীর্ঘদিন। পরে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত। শেষমেশ শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে সুমিতকে বলা হয়, তদন্তে সহযোগিতা করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাঁকে। সেই মতো গত শনিবার থেকে প্রত্যেক দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন তদন্তকারীরা।

    সুপ্রিম কোর্ট সুমিতকে যে রক্ষাকবচ দিয়েছিল আগের শুনানিতে, শুক্রবারই তার মেয়াদ শেষ হয়। এ দিন শীর্ষ আদালতে সুমিতের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করছেন। তদন্তকারীরা যত বার ডেকেছেন, তিনি তাঁদের মুখোমুখি হয়েছেন। তার পরেই শীর্ষ আদালত সুমিতের রক্ষাকবচের মেয়াদ বাড়ায়।

    প্রসঙ্গত, সুমিতের বিরুদ্ধে শালবনি থানায় জমি-দুর্নীতি ও ডেবরা থানায় টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগের মামলা হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট চাকরির প্রতারণার মামলায় আগাম জামিন দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু শালবনির জমি-প্রতারণা মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়। গত জুন মাসে শালবনির পুলিশ সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল। খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে হাজির হয়েছিলেন। পুলিশের দাবি ছিল, সুমিতের মোবাইলের ‘শেষ লোকেশন’ দেখেই অভিষেকের বাড়িতে হানা দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)