নিউ টাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব এবং তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই টেকনো সিটি থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীর হদিশ এখনও মেলেনি। তাই আপাতত গ্রেপ্তার না করেই তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।
অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। বিধাননগর পুলিশ সূত্রে খবর, তিনি জানিয়েছেন যে, নিউ টাউনের ওই আবাসনের একাধিক ফ্ল্যাটে তিনি পরিচারিকার কাজ করেন। তাঁর অভিযোগ, বুধবার সকালে তিনি আবাসনে যাওয়ার পরেই তাঁকে কুপ্রস্তাব দেন ওই কনস্টেবল। ফ্ল্যাট ফাঁকা থাকায় টাকার বিনিময়ে তাঁর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়া হয়। পরিচারিকা সেই প্রস্তাবে রাজি হননি। পাশ কাটিয়ে চলেও যাচ্ছিলেন। সেই সময়ে তাঁর পথ আটকে দাঁড়ান ওই পুলিশকর্মী। পরে তাঁকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু পরিচারিকা কোনও ক্রমে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান। অভিযোগ, তার পরেও পরিচারিকার পিছু ধাওয়া করেন পুলিশকর্মী। কিন্তু মহিলা দৌড়ে আবাসনের গেটে নিরাপত্তারক্ষীদের কাছে পৌঁছে যেতে তিনি সেখান থেকে পালিয়ে যান।
মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি গোটা বিষয়টি বাড়ি ফিরে স্বামীকে জানান। তার পরেই তিনি এবং তাঁর স্বামী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরিচারিকা অভিযুক্ত কনস্টেবলের ফ্ল্যাটটিও তদন্তকারীদের দেখিয়ে দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।