• তিরুপতি থেকে চুরি ২০০ iphone, বাংলা হয়ে ও পারে পাচারের ছক, তার পর...
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • ভারত থেকে আইফোন চুরি করে বাংলাদেশের পাচারের চেষ্টা! এমন একটি চক্রের হদিশ মিলল রাজ্যে। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চার জন। উদ্ধারও হয়েছে ২০০টি আইফোন, যার বাজারমূল্য সব মিলিয়ে দেড় কোটি টাকার কাছাকাছি। অভিযোগ, অন্ধ্রপ্রদেশের একটি স্টোর থেকে আইফোনগুলি চুরি করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগস্ট তিরুপতির একটি আইফোন শোরুম থেকে ফোনগুলি চুরি হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরি করা ফোনগুলি ফরাক্কায় এনে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল ফরাক্কা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এর পরে দুই রাজ্যের পুলিশ যৌথ ভাবে নিউ ফরাক্কার লোহাপাট্টি এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া আইফোনগুলি উদ্ধার করে।

    তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মহম্মদ ইসমাইল হক ফরাক্কা ব্যারেজ আবাসন এলাকার বাসিন্দা। বাকি তিন জন নাসিরুদ্দিন শেখ, টনিক শেখ এবং আলম শেখ ঝাড়খণ্ডের রাধানগরের বাসিন্দা। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করিয়ে ট্রানজ়িট রিমান্ডের আবেদন করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ। পাশাপাশি এই চক্রে আর কেউ জড়িত কি না, তার তদন্তও শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)