• ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার দেশজুড়ে আন্দোলনে RSS-এর মজদুর সঙ্ঘ
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • দেশের শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে এক গুচ্ছ দাবিপূরণের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপরে দীর্ঘদিন ধরেই চাপ তৈরি করছে আরএসএস পন্থী শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সঙ্ঘ৷ এই চাপে উল্লেখযোগ্য কোনও ফল হয়নি দেখার পরেই এ বার সারা দেশে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএমএস কতৃপক্ষ৷ আগামী সোমবার ১৭ অগস্ট দেশ জুড়ে শ্রমিক বিক্ষোভের নেতৃত্ব দেবে বিএমএস, এমনই দাবি জানানো হয়েছে সংগঠন সূত্রে৷

    এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দেশের সব রাজ্যের ব্লক ও জেলা স্তরে প্রতিবাদ বিক্ষোভ এবং ধরনা প্রদর্শন করবেন বিএমএস-র সদস্য সমর্থকরা৷ এর পাশাপাশি জেলা এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা স্মারকলিপিও তুলে দেবেন তাঁরা৷

    তাত্‍পর্যপূর্ণ হলো, বিএমএস-এর তরফে ঘোষিত এই শ্রমিক বিক্ষোভের সিদ্ধান্তে চাপ বাড়ছে মোদী সরকারের উপরে৷ এমনিতেই রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র বিক্ষোভের জেরে সরকারের উপরে প্রভূত চাপ তৈরি হয়েছে৷ নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আয়োজিত ছাত্র বিক্ষোভের জেরে পদচ্যুত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ এই ঘটনার রেশ মেলানোর আগেই এ বার আরএসএস পন্থী শ্রমিক সংগঠন দেশের সব রাজ্যের কর্মরত শ্রমিকদের দাবিদাওয়াকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে৷ স্বভাবতই স্বস্তিতে নেই সরকার৷

    বিএমএস-র তরফে যে সব দাবিগুলিকে প্রধান বলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে আছে ব্যাঙ্কিং ক্ষেত্রে ৫ দিনের কর্মসপ্তাহ চালু, পুরোনো পেনশন ব্যবস্থা পুনরায় শুরু, মজুরি চুরির অভিযোগ ঠিকাদার এবং ম্যান পাওয়ার সরবরাহকারী সংস্থা গুলির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, আশা কর্মী-সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধি, ইপিএফ-এর বেতনসীমা ১৫,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করা, বাজারমূল্য এবং জীবনযাত্রার মানোন্নয়নকে মাথায় রেখে নির্দিষ্ট ফর্মুলা ভিত্তিক ন্যূনতম মজুরি বৃদ্ধি প্রভৃতি৷ বিএমএস-র অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীরা দেশের বিভিন্ন রাজ্যে গড়ে দিনে ১০-১২ ঘণ্টা পরিশ্রম করলেও তাদের শ্রম বিধির আওতায় নিয়ে আসা হয়নি এখনও৷ অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, দাবি বিএমএস-এর৷

    একইসঙ্গে সংগঠনের দাবি, দেশের সব রাজ্যে ছড়িয়ে থাকা কোটি কোটি অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যত সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার৷ এর আগে বিএমএস-র শীর্ষ পদাধিকারীরা এই ইস্যুগুলি নিয়ে সরকারের শীর্ষ স্তরে দরবারও করেছেন৷ তার পরেও কোনও ফল হয়নি৷ এই আবহেই এবার সারা দেশে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ধরনায় নামার সিদ্ধান্ত নিয়েছে আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস৷

  • Link to this news (এই সময়)