• নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব! কাঠগড়ায় কলকাতা পুলিশের কনস্টেবল
    দৈনিক স্টেটসম্যান | ১৫ আগস্ট ২০২৬
  • নিউটাউনের একটি আবাসনে পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে নোটিস পাঠিয়ে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

    অভিযোগকারী পরিচারিকা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। নিউটাউনের একাধিক ফ্ল্যাটে তিনি পরিচারিকার কাজ করেন। অভিযোগ, বুধবার সকালে ওই আবাসনে কাজের জন্য যাওয়ার পর তাঁকে কুপ্রস্তাব দেন অভিযুক্ত কনস্টেবল। ফ্ল্যাট ফাঁকা রয়েছে জানিয়ে টাকার বিনিময়ে তাঁর সঙ্গে সেখানে যাওয়ার জন্য জোর করতে থাকেন তিনি।

    পরিচারিকা ওই প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত পুলিশকর্মী তাঁকে বাধা দেন বলেও অভিযোগ। এমনকি তাঁকে জোর করে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও পুলিশকে জানিয়েছেন অভিযোগকারী।

    পরিচারিকার দাবি, বাড়ি ফিরে তিনি গোটা বিষয়টি স্বামীকে জানান। এরপর স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশকে অভিযুক্ত কনস্টেবলের ফ্ল্যাটটিও দেখিয়ে দেন তিনি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কোনও প্রত্যক্ষদর্শী ছিলেন না। আপাতত অভিযুক্তকে গ্রেফতার না করেই তদন্ত শুরু হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    এই ঘটনা পুলিশের সামগ্রিক চিত্র নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। সমাজ সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুলিশের। কিন্তু সেই পুলিশ যখন অপরাধ করে তখন তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয় আমজনতার মনে। এই ঘটনা সেই বিষয়টি আরও জোরালো করে দেবে, মনে করছেন অনেকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)