গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৬
গুরুতর অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাঁকে দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান বিজেপি নেতা। তাঁকে দ্রুত দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় কার্ডিওলজি বিভাগে। এদিন তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে নাড্ডাকে। তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন।
হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্বস্তি বোধ করায় ১৩ আগস্ট, সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়, যার মধ্যে করোনারি এনজিওগ্রাফিও অন্তর্ভুক্ত ছিল। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। পর্যবেক্ষণের জন্য এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন।’ উল্লেখ্য, বৃহস্পতিবারই শেষ হয়েছিল সংসদের বাদল অধিবেশন। তার কয়েক ঘণ্টার মধ্যেই নাড্ডার অসুস্থতার কথা জানা গেল।
উল্লেখ্য, বাদল অধিবেশন চলাকালীনই নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তল হয় দিল্লি-সহ গোটা দেশ। সেই সময় সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে সদর্থক ভূমিকা নেন নাড্ডা। পাশাপাশি যন্তর মন্তরের অবস্থানের সমাপ্তি ঘটাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
প্রসঙ্গত, প্রায় ৬ বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাড্ডা। ২০১৯ সালের জুন মাসে তিনি দায়িত্ব পেলেও তখন ছিলেন কার্যনির্বাহী সভাপতি। ২০২০ সালের ২০ জানুয়ারি পূর্ণাঙ্গ জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ০২৬ সালের ২০ জানুয়ারি নীতিন নবীন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত নাড্ডাই ছিলেন ওই পদে।