শ্যালিকার নাবালিকা কন্যাকে তিনমাস ধরে ধর্ষণের অভিযোগ। সেই কথা জানতে পেরে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন স্ত্রী! সেজন্য স্ত্রীকেও খুন করা হয়েছিল! হাড়হিম করা এই ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। ধৃত ব্যক্তির নাম জামশেদ আলি মণ্ডল। বসিরহাট আদালতে মামলার শুনানি শুরু হয়। ধৃতকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক।
আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোষীর বাড়ি বসিরহাটের বাদুড়িয়া এলাকায়। ২০১৮ সালের ৮ এপ্রিল বসিরহাটের বাদুড়িয়া থানার বাগজোলা এলাকার একটি বাড়ি থেকে জামশেদের স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। ওই ঘটনার পরদিন বাদুড়িয়া থানায় জামশেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, শ্যালিকার নাবালিকা কন্যাকে জামশেদ ধর্ষণ করছিল। তিনমাস ধরে ভয় দেখিয়ে ওই ন্যক্কারজনক ঘটনা চালাচ্ছিল জামশেদ। শেষপর্যন্ত ওই নাবালিকা জামশেদের স্ত্রী অর্থাৎ তার সম্পর্কে মাসিকে সব ঘটনা জানায়। স্বামীর কুকর্মের কথা জানতে পেরে রীতিমতো রুখে দাঁড়িয়েছিলেন স্ত্রী। সেই ঘটনার জেরে স্ত্রীকে খুন করে জামশেদ! এরপর তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। স্ত্রীকে খুনের মামলায় ২০২৫ সালের ৩১ জানুয়ারি বসিরহাট ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক জামশেদ আলি মণ্ডলকে সাজা শোনান।
এরপর নাবালিকাকে ধর্ষণের মামলার বিচারপ্রক্রিয়া চলতে থাকে। শুক্রবার সেই মামলায় জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো বসিরহাট মহকুমা আদালতের এডিজে কোর্ট। একই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।