এই সময়: ‘সেলেটড লাইফে’র স্বপ্ন দেখে বিভিন্ন ফাঁদে পা দিয়ে মোটা টাকা ঘুষ দিয়ে অবৈধ ‘ডাঙ্কি রুটে’ পাঞ্জাব থেকে মেক্সিকো–ইউএসের পথে পাড়ি জমান বহু ভারতীয়। সেই পথেই মেক্সিকো পৌঁছেছিলেন এক পাঞ্জাবি শিখ তরুণ। কিন্তু ভিনদেশে পৌঁছতেই যে অত্যাচারের শিকার তাঁকে হতে হয়েছে, সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণের বার্তা — ‘আমি ভুল করেছি। এই ডাঙ্কি রুটের ফাঁদে কেউ পা দেবেন না।’
‘মেক্সিকোয় ভারতীয় শিখদের সঙ্গে জঘন্য ব্যবহার’ এই ক্যাপশনে পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে — বিছানায় শুয়ে হাতজোড় করে রীতিমতো কাঁদতে কাঁদতে ওই তরুণ জানাচ্ছেন, অবৈধ ডাঙ্কি পথেই মেক্সিকো–ইউএস সীমান্তে পৌঁছন তিনি। তার পরে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে এমন বেধড়ক মারধর করা হয়, যে তিনি ঠিক ভাবে হাঁটতে পর্যন্ত পারছেন না।
বৃহস্পতিবার শেয়ার করা ৩৩ সেকেন্ডের ভিডিয়োয় ওই তরুণের আবেদন, ‘এমন অনেক এজেন্ট বা সংস্থা স্বপ্ন দেখাবে— মার্কিন মুলুকে আসার একেবারে নিরাপদ রাস্তা তারা আপনার জন্য তৈরি করে দেবেন। দয়া করে সেই ফাঁদে পা দেবেন না।’ যদিও ভিডিয়োয় নাম–পরিচয় প্রকাশ করেননি ওই শিখ তরুণ।