: ফরাক্কা ব্যারেজের নিশিন্দ্রা কাটান সংলগ্ন ইন্সপেকশন রোডের চরম বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে এক বিপজ্জনক মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তাটি সরাসরি ঝাড়খণ্ডের মূল জাতীয় সড়ক ৮০-এর সঙ্গে যুক্ত। ফলে ঝাড়খণ্ড থেকে আসা ভারী পাথর বোঝাই লরি-ডাম্পার নিয়মিত এই পথ ধরে ১২ নম্বর জাতীয় সড়কে চলাচল করে। পাশাপাশি, পাশেই থাকা ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড থেকে ছাই বোঝাই লরি ও ডাম্পার যাতায়াতের কারণেই রাস্তাটির এই বেহাল অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর। রাস্তার বড় বড় গর্ত ও জমা জলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী, টোটো যাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্র-ছাত্রীরা। এমনকি বড় বড় ডাম্বার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণেও নিত্যদিন যানজট ও বিপদের ঝুঁকি বাড়ছে। এই বিপজ্জনক রাস্তার কারণে অনেক অভিভাবক ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিচ্ছেন।