স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্কের অভিযোগ। এরই মাঝে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ভরতপুরে। মৃতের নাম নুরবানু বিবি (৩৯)। বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নুরবানুকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ রাতেই কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরে অভিযুক্ত স্বামী ফিরোজ শেখ ও ওই তরুণী পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈয়দকুলুট গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক ফিরোজ শেখের সঙ্গে ওই গ্রামেরই নুরবানুর বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে, দুই ছেলে। তার মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।
নুরবানুর মেজ মেয়ে দশম শ্রেণিতে পড়ে। তার দাবি, শুক্রবার মা ও বাবার মধ্যে তুমুল অশান্তি হয়। মা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে অন্য একটি মহিলা বাড়িতে আসে। খবর পেয়ে ফিরে আসে মা। এর পরেই অশান্তি চরমে ওঠে বলে দাবি নুরবানুর মেয়ের। সেই সময়ে সে পাশের ঘরে ছিল। তার দাবি, তার বাবা ও ওই মহিলা এর পরে ঘর থেকে বেরিয়ে যান। সে ঘরে ঢুকে দেখে মায়ের ঝুলন্ত দেহ।
এর পরেই মেয়ের কান্নাকাটি শুনে পড়শিরা ওই বাড়িতে ভিড় করেন এবং দ্রুত ভরতপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা। ঘটনার রাতে ওই মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। সেক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।