• পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাদুড়িয়ার যুবকের! বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার
    এই সময় | ১৫ আগস্ট ২০২৬
  • এ বার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার সন্দেহভাজন এক জঙ্গি। তার সঙ্গেও বাংলা-যোগ! ধৃতের নাম আশরাফুল মালিক (২৫)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার বাসিন্দা সে। রাজ্য পুলিশের এফটিএফ ও কর্নাটক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে আশরাফুলকে গ্রেপ্তার করেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বাদুড়িয়ার ছেলে হলেও বেঙ্গালুরুর জিগানিতে থাকত সে। এ দিনই কোচবিহারের দিনহাটা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তারা ISI এজেন্ট হিসেবে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। দিন তিনেক আগেই বনগাঁ সীমান্তের কাছ থেকে রানা রউফ ওরফে ওয়াহাব আলম নামে পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছিল এসটিএফ। 

    সূত্রের খবর, বেঙ্গালুরুতে এক সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত আশরাফুল। একই সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে আসছে। পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের সঙ্গে বহুদিন জড়িত রয়েছে বাদুড়িয়ার এই যুবক, এমনও জানতে পারছেন তদন্তকারীরা।

    বাদুড়িয়া থানার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়‌ বাড়ি আশরাফুলের। ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করে সে। সেখানে কাজ করতে করতেই টিটিপি-যোগ তৈরি হয় বলে খবর। বেঙ্গালুরুতে বসে অনলাইনে এই সংগঠনের একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। এসটিএফ সূত্রে আরও খবর, আফগানিস্তানের ভিসার জন্য সে আবেদন করেছিল।

    টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, পাসপোর্ট, ভিসা পাওয়ার পরেও টাকার অভাব ও পরিবারের প্রতি দায়বদ্ধতার কারণে আফগানিস্তানে যেতে পারেনি আশরাফুল। কর্নাটকের ইলেক্ট্রনিক্স সিটি ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ এম নারায়ণের বক্তব্য উদ্ধৃত করে এই সংবাদমাধ্যম লিখেছে, পাকিস্তানি সেনার ভূমিকায় বিরক্ত ছিল আশরাফুল। ইজ়রায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বে তার মনে হয়েছিল, পাকিস্তান সেনা ইজ়রায়েলকে সমর্থন করছে, প্যালেস্টাইনের মুসলিমদের নয়।

    আশরাফুলের ফোন থেকে একটি অডিও রেকর্ডিংও পেয়েছেন তদন্তকারীরা, খবর সূত্রের। হায়দার নামে একজনের সঙ্গে কথা বলেছে সে। পাকিস্তান সেনার উপরে হামলার ছক ছিল বলেও জানা গিয়েছে। পুলিশ সেই ফোন বাজেয়াপ্ত করেছে, তদন্ত চলছে। কর্নাটকের হেব্বাগড়ি থানায় এই ঘটনার তদন্ত করছে।

  • Link to this news (এই সময়)