স্বাধীনতা দিবসের দিন তুলকালাম দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে। পতাকা উত্তোলন করতে কলেজে গিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী উপাসনা চৌধুরী এবং তাঁর অনুগামীরা। সেখানেই তাঁরা প্রবল বিরোধিতার মুখে পড়েন। মমতাপন্থী টিএমসিপির সভাপতি উপাসনা চৌধুরীকে উপাসনাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। উপাসনা এবং তাঁর সঙ্গীদের অভিযোগ, এবিভিপির সদস্যরা হামলা চালিয়েছেন।
শনিবার সকালে আশুতোষ কলেজে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন উপাসনার এবং টিএমসিপির আরও কিছু সদস্য। অভিযোগ, তাঁদের কাছে কলেজের কোনও পরিচয়পত্র ছিল না। সেই কারণে তাঁদের কলেজের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। কলেজের সামনে ফুটপাতে তাঁরা জড়ো হন। সেই সময়ে তাঁদের সেখানে ভিড় না করার নির্দেশ দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলেজের সামনে পড়ুয়াদের দুই পক্ষের মধ্যে বাদানুবাদও চলছে। সেই সময়েই উপাসনাকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। তাঁর গায়ে ও মাথায় এসে পড়ে ডিম। ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিয়েছেন মমতাপন্থী টিএমসিপির সভানেত্রী। কলেজের ভিতরে বহিরাগত থাকলেও তাঁদের পুলিশ কিছু বলেনি বলে তাঁর অভিযোগ। ডিম ছোড়ার জন্য এবিভিপিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।