• মুখে বন্দে মাতরম, মনে দেশপ্রেম! জলবন্দি স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • জলমগ্ন স্কুল চত্বর। হেঁটে পৌঁছনোর উপায় নেই। কিন্তু কোনও কিছুই রুখতে পারেনি পড়ুয়াদের দেশপ্রেম। তাই স্বাধীনতা দিবসের সকালে নৌকায় চেপেই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে শামিল হল খুদেরা। হাতে তাদের জাতীয় পতাকা। মনে দেশভক্তি। কোনও রকমে নৌকায় গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে তারা। এই প্রতিকূল পরিস্থিতিতেও বন্দে মাতরমে মুখরিত হয়ে উঠল স্কুল চত্বর। স্বাধীনতা দিবসের সকালে ‘অভিনব’ এই অনুষ্ঠানের সাক্ষী থাকল সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়।

    শনিবার দেশজুড়ে পালিত হয় ৮০ তম স্বাধীনতা দিবস। রাজ্যজুড়েও পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান। সেই মতো সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়েও স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের কর্মসূচি হাতে নেওয়া হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্কুল চত্বরে জমে থাকা জল। হাঁটুর বেশি জলে দাঁড়িয়ে কীভাবে স্বাধীনতা দিবস পালন হবে? স্কুলের খুদে পড়ুয়ারাই বা কীভাবে অনুষ্ঠানে অংশ নেবেন? যদিও শেষপর্যন্ত পড়ুয়াদের দেশভক্তি দেখে উপায় বের করেন এলাকার বাসিন্দা ও অভিভাবকরা। তাঁরা একটি নৌকার ব্যবস্থা করেন। সেই নৌকায় চেপেই স্কুলের সামনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেয় খুদে পড়ুয়ারা। জাতীয় পতাকা উত্তোলনের সময় তারা নৌকাতেই বসে ও দাঁড়িয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের সকালে দেশভক্তির এক অনন্য নজির তৈরি হল।

    এই ব্যতিক্রমী চিত্র দেখতে স্কুল চত্বরের কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন অভিভাবক ও স্থানীয়রা। এদিন নৌকায় চেপেও দেশাত্মবোধন বিভিন্ন স্লোগান তোলে খুদেরা। তাদের মুখে শোনা যায় বন্দে মাতরম। এছাড়াও মহাত্মা গান্ধী, ভগৎ সিংয়ের জয়গান শোনা যায় তাদের গলায়।
  • Link to this news (প্রতিদিন)