• পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া! বাধা দিয়েছিলেন স্ত্রী। কিন্তু পাত্তা দেননি অভিযুক্ত। এভাবেই চলছিল। শুক্রবার ঝামেলা চরমে পৌঁছয়। অভিযোগ, এরপরই সন্তানদের সামনেই স্ত্রীকে খুন করে। চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে দেয় স্ত্রীকে। আরও অভিযোগ এই কাজে যুবককে সাহায্য করেছে তার প্রেমিকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নূরবানু বিবি। বয়স ৩৯ বছর। তিনি ভরতপুর থানার অন্তর্গত সৈয়দকুলুট গ্রামের বাসিন্দা। বছর দশেক আগে ফিরোজ শেখের সঙ্গে বিয়ে হয় নূরবানুর। দম্পতির ৪ সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের কয়েক বছর পর থেকেই পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফিরোজ। বারণ করা সত্ত্বেও যুবক বিষয়টিকে পাত্তা দেয়নি বলে দাবি। সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকত।

    ঘটনার রাতে পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চরম আকার নেয়। মৃতার এক মেয়ের দাবি, ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যায় ফিরোজ। কিছুক্ষণ পরে প্রেমিকাকে নিয়ে হাজির হয়। স্ত্রীকে মারধর করে সন্তানদের সামনেই চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে দেন। প্রেমিকা তাকে সাহায্য করেছিল বলে অভিযোগ তুলেছে মেয়ে। এই ঘটনা দেখে চিৎকার করেন সন্তানরা। ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় ভরতপুর থানায়।

    গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার এক মেয়ে জানিয়েছে, “এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বাবার। আমরা অনেকবার বারণ করেছি। কিন্তু শোনেনি। ঘটনার দিন মায়ের সঙ্গে বাবার ঝামেলা হয়। পরে ওই মেয়েকে সঙ্গে নিয়ে এসে মাকে ঝুলিয়ে দেয়। ওই মহিলার ও বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।”
  • Link to this news (প্রতিদিন)