• অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • বড়সড় আন্তঃরাজ্য চোরাচালান চক্রের বড়সড় হদিশ! ২০০টি আইফোন উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ ও অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ টিম। অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি শোরুম থেকে এই ফোনগুলি চুরি যায়। তদন্তে নেমে ঘটনায় যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক অনুমান, তিরুপতি এলাকা থেকে চুরি করে ফোনগুলি ফরাক্কা হয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে দফায় দফায় ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, এই চক্রের পিছনে আরও বড় নেটওয়ার্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    উদ্ধার হওয়া ফোনের বাজারমূল্য কয়েক কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ আগস্ট তিরুপতির একটি আইফোন শোরুমের দেওয়াল কেটে ভিতরে ঢুকে বিপুল পরিমাণ ফোন নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া ফোনের গতিবিধি ট্র্যাক করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। গোপন সূত্রে খবর মেলে, চুরি যাওয়া ফোনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে ফরাক্কার নিউ ফরাক্কা লোহাপাট্টিতে। এরপরেই ফরাক্কায় পৌঁছায় অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি টিম। স্থানীয় পুলিশকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লোহাপাট্টি এলাকায় যৌথ অভিযান শুরু করে। অভিযানে লোহাপাট্টি থেকে উদ্ধার হয় প্রায় ২০০টি আইফোন। গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতরা হল ফরাক্কা ব্যারেজ আবাসনের মহম্মদ আসমাউল হক এবং ঝাড়খণ্ডের রাধানগরের নাসির উদ্দিন শেখ, টনিক শেখ ও আলাম শেখ।

    ধৃতচারজনে আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ পুলিশও ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। 
  • Link to this news (প্রতিদিন)