১৯ আগস্ট পর্যন্ত সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না: সুপ্রিম কোর্ট
বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৯ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শুক্রবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ছিল তাঁর অন্তবর্তী জামিন মামলার শুনানি। সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রতিদিন সকাল ১০টার আগেই ভবানী ভবনে পুলিশের জেরার মুখোমুখি হচ্ছেন। গত ৮ দিনে ছ’বার তলব করা হয়েছে। প্রতিবারই নির্ধারিত সময়ে হাজিরা দিয়েছেন তিনি। এই সওয়ালের পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সুমিতের রক্ষাকবচ বৃদ্ধি করার কথা জানায়। পাশাপাশি সুমিতের বিরুদ্ধে চলতে থাকা তদন্তের অগ্রগতি সম্পর্কে এদিন বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত। রাজ্যের তরফে আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আগামী সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবেন। এর পরেই বিচারপতিরা জানান, আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত সুমিতকে গ্রেপ্তার করা যাবে না। টাকার বিনিময়ে চাকরি দেওয়া এবং জমি দুর্নীতির অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে।