• রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণেও প্রশ্নফাঁস প্রসঙ্গ
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সন্ধ্যায় তাঁর ভাষণে উঠে আসে সাম্প্রতিক প্রশ্নফাঁস কাণ্ড, অপারেশন সিন্দুর, খেলো ইন্ডিয়ার পাশাপাশি মাওবাদীমুক্ত দেশের কথা।

    রাষ্ট্রপতি এদিন বলেন, ‘পরীক্ষাগুলি আমাদের শিক্ষার্থীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সরকার এই পরীক্ষাগুলির সংস্কারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলির উদ্দেশ্য—পরীক্ষায় অসদুপায়ের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা ও পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তোলা।’ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের জেরে পদ্ধতিগত সংস্কার, প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থার দাবিতে সম্প্রতি দেশব্যাপী বিক্ষোভ দেখায় জেন জি ও পড়ুয়ারা।দের বিক্ষোভের প্রেক্ষাপটে তার মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। 

    রাষ্ট্রপতি মুর্মু ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘বীরত্বের’ ভূয়সী প্রশংসা করে বলেন, ২৬ জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। এর আগে, গত ৭ মে আমরা ‘অপারেশন সিন্দুর’-এর এক বছর পূর্তি উদযাপন করেছি। অপারেশন সিন্দুর বুঝিয়ে দিয়েছে, জঙ্গিগোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকেরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের পরিণতি কী হতে চলেছে। পাশাপাশি, কয়েক দশকের দীর্ঘ লড়াইয়ের পর দেশকে মাওবাদীমুক্ত করা ভারতের জন্য বড়ো সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।

    এদিন পণ্ডিত রঘুনাথ মুর্মুর লেখা সাঁওতালি ভাষার একটি কবিতা আবৃত্তি করে তিনি নাগরিকদের প্রকৃতি ও মানবিক মূল্যবোধ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য প্রত্যেক নাগরিককে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
  • Link to this news (বর্তমান)