• ট্রেডিংয়ের নামে ৮০ কোটির প্রতারণা, শিবপুরে অভিযুক্ত যুবকের বাড়ি গিয়ে বিক্ষোভ
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শেয়ার ট্রেডিং সংস্থা খুলে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় চার হাজার মানুষের কাছ থেকে প্রায় ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৌম্যজিৎ কাঁড়ার নামের এক যুবকের বিরুদ্ধে। টাকা ফেরত না পেয়ে শুক্রবার মন্দিরতলা এলাকার রামমোহন মুখার্জি লেনে অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন বিভিন্ন জেলা থেকে আসা বিনিয়োগকারীরা। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তার বাবা সুরজিৎ কাঁড়ারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিবপুর থানার পুলিশ।

    বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৩ সালে ‘আজার ইন্টারন্যাশনাল’ নামে শেয়ার ট্রেডিং সংস্থা খুলেছিল সৌম্যজিৎ। তার দাবি ছিল, ওই সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ২ শতাংশ করে লভ্যাংশ দেওয়া হবে। পাশাপাশি মূল টাকাও ঋণ হিসাবে গচ্ছিত থাকবে বলে জানানো হয়েছিল। এই টোপে বিশ্বাস করে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাস টাকা পাওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে লভ্যাংশ পাওয়া বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীদের দাবি, সৌম্যজিতের বাড়ি শিবপুরের রামমোহন মুখার্জি লেনে হলেও সে সংস্থার ঠিকানা দেখিয়েছিল দক্ষিণ বাকসাড়া লেনের বকুলতলায়। এর আগে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। গত ৩১ জুলাই সৌম্যজিতের বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ তারপরও ব্যবস্থা না নেওয়ায় এদিন তাঁরা বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন। মহেশতলা, বজবজ, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন এলাকা, এমনকি সুদূর বেঙ্গালুরু থেকেও বিনিয়োগকারীরা এদিন শিবপুরে ছুটে আসেন। পাওনা টাকা না পেলে কয়েকজন আত্মঘাতী হওয়ার হুমকিও দেন। সৌম্যজিতের বাবা জানান, তিনি সামান্য চায়ের দোকান চালান। ছেলে এভাবে টাকা নিয়েছে বলে তিনি জানতেন না। কয়েকদিন ধরে ছেলেও বাড়িতে আসছে না। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)