• হাওড়া পুরসভা: বকেয়া ২১৪ কোটি, নিকাশি ছাড়া সব পুর পরিষেবাই বন্ধের পথে ঠিকাদাররা
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা বকেয়া পড়ে থাকায় হাওড়া পুরসভার তালিকাভুক্ত প্রায় ১২০ জন ঠিকাদার কাজ বন্ধের সিদ্ধান্ত নিলেন। তাঁদের দাবি, তৃণমূল সরকারের আমলে পুরসভার বিভিন্ন প্রকল্পে তাঁরা যা কাজ করেছেন, সেই খাতে প্রায় ২১৪ কোটি টাকা তাঁদের প্রাপ্য। বারবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও বকেয়া মেটানো হয়নি বলে অভিযোগ। তাই শুক্রবার থেকে বর্ষায় নিকাশি পরিষেবা সচল রাখার আপৎকালীন কাজ ছাড়া অন্যান্য পুর পরিষেবা সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

    ঠিকাদারদের সংগঠন ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর তরফে জানানো হয়েছে, বকেয়া না মেটানো পর্যন্ত নতুন কোনো টেন্ডারে তাঁরা অংশ নেবেন না। রাস্তা মেরামতির মতো কাজে আপাতত তাঁরা হাত দেবেন না। এমনকি, পুজোর সময় পুর পরিষেবার কাজও আর তাদের পক্ষে করা সম্ভব হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি অনিরুদ্ধ দত্ত বলেন, ‘দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় ঠিকাদারদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। শ্রমিকদের অবস্থাও শোচনীয়। নতুন রাজ্য সরকার বকেয়া না মেটালে অনেক ঠিকাদার চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন। এই পরিস্থিতিতে শুধুমাত্র বর্ষার নিকাশির কাজ বাদে অন্য কোনো কাজ করা সম্ভব নয়।’

    তিনি জানিয়েছেন, ইতিমধ্যে বিষয়টি উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাইকে জানানো হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকেও বিষয়টি জানানো হবে। শুক্রবার যাবতীয় দাবিদাওয়া লেখা ব্যানার-ফেস্টুনে নিয়ে হাওড়া পুরসভায় জড়ো হন ঠিকাদাররা। হাওড়া পুরসভা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
  • Link to this news (বর্তমান)