• ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, কয়েকদিনের মধ্যেই ফের তৈরি হওয়ার সম্ভাবনা
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর নিম্নচাপটি শুক্রবার ঝাড়খণ্ডের উপর সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের উপর এটির সরাসরি প্রভাব থাকবে না। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। আজ শনিবার স্বাধীনতা দিবসের দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কয়েকদিনের মধ্যে পর পর আরও দুটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হবে। দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০ আগস্ট নাগাদ একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে। এর কয়েকদিন পর ফের একটি ঘূর্ণাবর্ত/নিম্নচাপ তৈরি হতে পারে একই জায়গায়।

    আগস্ট মাসে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ইতিমধ্যে দুটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। এবারের নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। শুক্রবার সকালে এটি দক্ষিণবঙ্গ ও লাগোয়া ঝাড়খণ্ডের উপর ছিল। নিম্নচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম অভিমুখে ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার পথে দুর্বল হবে বলেই অনুমান আবহাওয়া দপ্তরের। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন মধ্য ভারতে বৃষ্টি বাড়বে। উত্তরপ্রদেশেও এর প্রভাব পড়তে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে রাজস্থানেও বৃষ্টি বাড়ে। 

    নিম্নচাপের প্রভাবে শুক্রবার বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু স্থানে অধিক বৃষ্টিপাত হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে ৯০ মিমি বৃষ্টি হয়েছে। হলদিয়ায় বিকেল পর্যন্ত প্রায় ১৪০ মিমি বৃষ্টি হয়। সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় ৭০ মিমি এবং ঝাড়গ্রামে ৬২ মিমি বৃষ্টি হয়েছে। সকালের পরেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শক্তিশালী বজ্রমেঘের সৃষ্টি হয়। কিছু স্থানের জন্য দেওয়া হয় ‘কমলা’ সতর্কতা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রমেঘ থেকে বৃষ্টি হবে। বজ্রপাতের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। 

    এদিকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ছাড়াও পুরুলিয়ায় গড়ের থেকে বেশি বৃষ্টি হয়েছে। পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে এই সময়ে ৮৪ মিমি। এবারের বর্ষায় পুরুলিয়ায় বৃষ্টির যে সার্বিক ঘাটতি চলছিল এতে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। দক্ষিণবঙ্গে বর্ষার মরশুমে মোট বৃষ্টির পরিমাণ দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০০ মিমি অতিক্রম করেছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় মোট বৃষ্টির পরিমাণ এখন ৯০০ মিমির বেশি। নদীয়ায় সবচেয়ে কম ৪৭৩ মিমি বৃষ্টি হয়েছে। তারপরের স্থান মুর্শিদাবাদের (৪৮০ মিমি)। এই বর্ষাকালে পুরুলিয়ায় ৪৯০ মিমি বৃষ্টি হয়েছে।
  • Link to this news (বর্তমান)