পানীয় জলে সংক্রমণ! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর
বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাট চৌমাথার একটি অভিজাত আবাসনে পানীয় জলে সংক্রমণের ঘটনা ঘটেছিল। এখনও অনেকে অসুস্থ। এই ঘটনা সামনে আসার পর রবিবার বিক্ষোভ দেখিয়েছিলেন আবাসনের বাসিন্দারা। এবার আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানালেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, নির্মাণে অবহেলা, অবহেলাবশত অন্যের ব্যক্তিগত জীবনে আঘাত করা সহ ৩১৬, ২৯০, ১২৫ (এ) এবং ১২৫ (বি) ধারায় মামলা রুজু হয়েছে। বাসিন্দাদের দাবি, প্রশাসনের উচিত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে এক আধিকারিক বলেন, এখনও রিপোর্ট আসেনি। দু-একদিনের মধ্যে আসবে। জানা গিয়েছে, জল কিনে খাচ্ছেন এখানকার বহু বাসিন্দা। আজ, ১৫ আগস্ট আবাসনে স্বাধীনতা দিবসের সেলিব্রেশন হওয়ার কথা ছিল। স্বপনকুমার মিত্র নামে আবাসনের এক প্রবীণ নাগরিক বলেন, অনেকে এখনও অসুস্থ। যাঁদের নিয়ে অনুষ্ঠান হত সেই শিশুরাই অসুস্থ। তাই পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গাওয়া হবে। গ্র্যান্ড সেলিব্রেশন এবার হচ্ছে না।