• রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের পরীক্ষাও অনলাইনে নেওয়ার ভাবনা
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের দপ্তরগুলিতে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। সরকারি সূত্রে খবর, এ বিষয়ে নবান্নের শীর্ষ পর্যায়ের সঙ্গে নিয়োগকারী বিভিন্ন সংস্থার কর্তাদের আলোচনা হয়েছে। রেলে নিয়োগের পরীক্ষা কম্পিউটারে অনলাইনে  নেওয়া হয়। গোটা দেশে কয়েক লক্ষ পরীক্ষার্থী দফায় দফায় পরীক্ষা দেন। সর্বভারতীয় জয়েন্ট এন্টান্সসহ উচ্চশিক্ষা সংক্রান্ত আরও কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা এভাবেই হয়। রাজ্য সরকারের চাকরির পরীক্ষা কম্পিউটারে নেওয়া হলে তাও একাধিক দফায় হবে। কলকাতাসহ বিভিন্ন জেলায় অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার জন্য পরিকাঠামো আছে। এই অবস্থায় নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য কম্পিউটারে পরীক্ষা চালু করতে চাইছে রাজ্য সরকার। এতে পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা যাবে। বর্তমানে অফলাইনে মাল্টিপল চয়েস মডেলে যেসব পরীক্ষা নেওয়া হয়, সেখানে ‘অ্যানসার শিট’-এর  একটি কপি পরীক্ষার্থীকে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। কম্পিউটারে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীকে তাঁর উত্তরপত্রের একটি প্রিন্টেড কপি যাতে দেওয়া যায়, সেই চেষ্টাও চলছে।

    রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর বেশি জোর দিয়েছে। যেসব চাকরিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, এমন পদগুলিতে, বিশেষ করে গ্রুপ সি এবং ডি শ্রেণির নিয়োগে শুধু লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে। প্রশাসন ও পুলিশে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউও হবে। সরকারি দপ্তরে নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনকে যুক্ত করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ছাড়াও  কিছু কারিগরি পদে বনদপ্তরে নিয়োগ হতে পারে। একজন প্রবীণ আধিকারিককে কমিশনে নিয়ে এসে সরকারের সঙ্গে সমন্বয় রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)