• গ্রেট ক্যালকাটা কিলিং ভুলিনি, বার্তা শুভেন্দুর
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘দেশভাগের বিভীষিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মৌলালির সেই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কেউ গ্রেট ক্যালকাটা কিলিং ভুলিনি। অতএব সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক থাকতে হবে। পাশাপাশি, এদিন গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান সেরে দক্ষিণ কলকাতায় ভারতমাতা পুজোর একটি অনুষ্ঠানে যান শুভেন্দু। তিনি বলেন, আগেও আমাকে এই অনুষ্ঠানে ডাকত। কিন্তু বিগত সরকারের সময় পুলিশের অনুমতি পেত না। নানা সমস্যা হতো। কিন্তু এবার আমি ওই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। অতীত ভুলে গেলে কোনোদিন ভবিষ্যৎ ভালো হয় না, বার্তা দেন মুখ্যমন্ত্রী।

    অন্যদিকে, আজ শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ন’টা নাগাদ রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কুচকাওয়াজে ১২টি ট্যাবলো অংশ নেবে। পরে, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পর পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার বার্তা দেবেন শুভেন্দু অধিকারী। বহুকাল পর রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বেতার বার্তা দিতে চলেছেন। পাশাপাশি, বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করার কথা রাজ্যপাল আর এন রবির। পরে বিকেলে রাজভবনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ রাইটার্স বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নবান্নতে পতাকা উত্তোলন করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করবেন রাজ্যপাল। পরে ময়দানে ঋষি অরবিন্দের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
  • Link to this news (বর্তমান)