আইনের পড়ুয়াদের কাছে ক্ষমা চাইলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)-র চেয়ারম্যান মননকুমার মিশ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেছিলেন হায়দরাবাদের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (NALSAR) বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়াদের একাংশ। বিসিআই চেয়ারম্যান মননকুমার মিশ্র নির্দেশ দিয়েছিলেন, নালসার-এর ২০২৬ সালের কোনও স্নাতক পড়ুয়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও রাজ্য বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবী হিসেবে নথিভুক্ত হতে পারবেন না। সেই ঘটনায় শুরু হয় প্রবল বিতর্ক। পরে বার কাউন্সিলের তরফে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এ বার ক্ষমা চাইলেন বিসিআইয়ের চেয়ারম্যান।
স্বাধীনতা দিবসের দিন পড়ুয়াদের জন্য এক চিঠিতে বিসিআই প্রধান জানান, বিতর্ক চলাকালীন তাঁর বক্তব্য বা চিঠির মাধ্যমে আইন পড়ুয়াদের মনে আঘাত লেগে থাকলে তিনি তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। তিনি লেখেন, ‘আমার কোনও বক্তব্য বা চিঠি যদি আমাদের আইন পড়ুয়াদের অনুভূতিতে আঘাত করে থাকে, তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এটা বলতে কোনও দ্বিধা থাকা উচিত নয়।’ মননকুমারের সংযোজন, ‘ক্ষমা চাওয়া কোনও অহংকারের বিষয় নয়। আমাদের শিক্ষার্থীদের অনুভূতি এবং উদ্বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সম্প্রতি দেশের যুবসমাজকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তাই সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে অতিথি করে আনা হলে অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছিলেন পড়ুয়ারা। তাঁকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রস্তাবের বিরোধিতা করে গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং অধ্যাপকদের কাছে ই-মেল করেছিলেন পড়ুয়াদের একাংশ।
এই ঘটনার জেরে বিসিআই একটি নির্দেশিকা জারি করে। সেখানে জানানো হয়েছিল, নালসারের ২০২৬ ব্যাচের সমস্ত পড়ুয়ার আইনজীবী হিসেবে এনরোলমেন্ট স্থগিত রাখা হচ্ছে। এমনকী প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রচারে কারা জড়িত, তা চিহ্নিত করে রিপোর্ট তলব করা হয়। যদিও এই বিষয়ে বার কাউন্সিলের ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
প্রশ্ন: NALSAR বিতর্কে কী ঘটেছিল?
উত্তর: NALSAR-এর একাংশের পড়ুয়া সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেন। এর পর BCI ২০২৬ ব্যাচের পড়ুয়াদের আইনজীবী হিসেবে এনরোলমেন্ট স্থগিত রাখার নির্দেশ দেয়। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
প্রশ্ন: কেন NALSAR-এর পড়ুয়ারা প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণের বিরোধিতা করেছিলেন?
উত্তর: দেশের যুবসমাজ নিয়ে সুপ্রিম কোর্টের এক বিচারপতির মন্তব্যকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতে পড়ুয়াদের একাংশ মনে করেছিলেন, প্রধান বিচারপতিকে সমাবর্তনের অতিথি করা হলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রশ্ন: BCI কী সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তর: বার কাউন্সিল অফ ইন্ডিয়া NALSAR-এর ২০২৬ ব্যাচের সমস্ত পড়ুয়ার আইনজীবী হিসেবে এনরোলমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।
প্রশ্ন: BCI কি NALSAR-এর পড়ুয়াদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করেছে?
উত্তর: হ্যাঁ। বিতর্কের পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া ওই নির্দেশ প্রত্যাহার করে নেয়।