এক নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। স্বাধীনতা দিবসে স্কুলের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছে ছিল পঞ্চম শ্রেণির পড়ুয়া অঙ্কিতা হেমব্রমের। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুড়ি, গয়না ও পোশাক দরকার ছিল। সেগুলি কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার জানিয়েছিল ওই নাবালিকা। কিন্তু মা কিনে দেননি, বাবার জন্য অপেক্ষা করতে বলেছিলেন।
পরিবার সূত্রের খবর, সে কথা শুনেই ঘরে ঢুকে দরজা আটকে দেয় পঞ্চম শ্রেণির অঙ্কিতা। তার বেশ কিছুক্ষণ পরে ওই ঘর থেকেই উদ্ধার হয় অঙ্কিতার ঝুলন্ত দেহ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের আঁধার নয়ন এলাকার ঘটনা।
অঙ্কিতা হেমব্রম (১১) আঁধার নয়ন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। অঙ্কিতার বাবা বিশ্বনাথ হেমব্রম জানাচ্ছেন, স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য পোশাক ও আরও কিছু জিনিস লাগতো। সেগুলিই কিনে দেওয়ার আবদার করে মায়ের কাছে। কিন্তু তা শুনে অঙ্কিতার মা জানিয়ে দেন, বাবা এলেই সেই আবদার পূরণ করা হবে। তারপরেই এই কাণ্ড।