বর্ষা আসতেই বেহাল দশা চুঁচুড়ার হাসপাতাল রোডের। রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জেলা হাসপাতাল ও একাধিক সরকারি দপ্তরে যাতায়াতের এই রাস্তার বেহাল দশায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত রাস্তা মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা।
রবিবার বাঁকুড়ার ২৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার প্রায় চার কেজি গাঁজা। রবিবারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেদর নাম কবির হোসেন ও তাঁর স্ত্রী হাসিনা বিবি।
পুরোনো বিবাদের জেরে চুঁচুড়ার দাসপাড়ায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। স্বাধীনতা দিবসের খাওয়া-দাওয়ার সময় বচসা লাগে দুই পক্ষের মধ্যে। তখনই শুভ দাস নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে রাহুল দাসের গলায় কোপ মারে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন অভিজিৎ মিত্র। দুজনেই আপাতত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। খুনের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
রবিবার শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন। সকাল ১০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে। অন্য দিকে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম ভারতীয় সেনাবাহিনী।
পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। তিনি বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
রবিবার থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩ কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এ ছাড়াও, আজকের দিনটি রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়েছে।
বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এ ছাড়াও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে।