• টুলু মণ্ডল কাণ্ডে আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
    এই সময় | ১৬ আগস্ট ২০২৬
  • টুলু মণ্ডল কাণ্ডে এ বার আটক অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। দীর্ঘ সময় তল্লাশির পরে শনিবার রাতে বোলপুরের বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে আটক করা হয় তাঁকে। আজ, রবিবার বীরভূমের সিউড়ি আদালতে তোলা হতে পারে তাঁকে। তবে সায়গলের ফ্ল্যাট থেকে কী কী উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

    পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে তল্লাশি শুরু হয় সায়গলের ফ্ল্যাটে। সেই তল্লাশি অভিযান চলে শনিবার রাত পর্যন্ত। এর পরেই আটক করা সায়গলকে। পুলিশ আরও জানিয়েছে, সায়গল সম্পর্কে টুলু মণ্ডলের শ্যালক। সায়গলের নাম জড়িত রয়েছে কয়লা কেলেঙ্কারি এবং গোরু পাচার মামলার সঙ্গেও। এমনকী, প্রায় আড়াই বছর জেলও খেটেছেন তিনি। তার পরে জামিনে মুক্ত হয়ে আপাতত বোলপুরের ফ্ল্যাটেই থাকেন তিনি।

    শনিবার সায়গল হোসেনের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলেছে টুলু মণ্ডলের আর এক শ্যালক মিঠু মণ্ডলের বিলাসবহুল বাড়িতে। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসের ধারে সুইমিং পুল থেকে শুরু করে বিশাল পার্কিং জ়োন, সেন্সর কন্ট্রোলড স্লাইডিং গেট-সহ একাধিক অধুনিক ব্যবস্থা রয়েছে সেখানে। প্রায় চার ঘণ্টা সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখান থেকে ঠিক কী উদ্ধার হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি পুলিশের তরফে।

    এ ছাড়াও, শনিবার টুলু মণ্ডল কাণ্ডে গ্রেপ্তার করা হয় সিউড়ি মহকুমা ভূমি ও ভূমি সংস্কার (SDLLRO) দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। শুক্রবার রাতে সিউড়ির কল্পতরু পল্লিতে প্রবীরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। তার পরে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় প্রবীরকে। এ দিন দিন ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

  • Link to this news (এই সময়)