• পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ! লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা?
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। নিম্নচাপের প্রভাবে দিন কয়েক আগেই ভেসেছিল কলকাতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি কাটতে না কাটতেই ফের দুর্যোগ ঘনাচ্ছে! বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমে নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী কাল, সোমবারই সেটি নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে সেটি ক্রমশ ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। ফলে রাজ্যের উপকূল এলাকা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতাও থাকছে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে।

    আগামী কাল, সোমবার ১৭ আগস্ট প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে। আজ, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা ছিল। তবে ফের নতুন করে দুর্যোগ দেখা দেওয়ায় সেই সতর্কতা বাড়ানো হয়েছে।

    ১৮ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কাও থাকছে। নয়া নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি-দুর্যোগের আশঙ্কা থাকছে বলে প্রাথমিক খবর। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত।
  • Link to this news (প্রতিদিন)