নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ দু’জনকে। শনিবার রাতে খুন হন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা জোব্বার শেখের স্ত্রী হরনগর গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি, সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে। ফতেমার বিরুদ্ধে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগ তোলে পরিবার।
আনিসুর রহমান (৫৪) নদিয়ার নাকাশিপাড়ার প্রভাবশালী কংগ্রেস নেতা ছিলেন। শনিবার রাত ৯টা নাগাদ একটি চার চাকা গাড়িতে বেথুয়াডহরি থেকে ফিরছিলেন বাবা ও ছেলে। নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। বাবা, ছেলের গাড়ি আটকে পর পর গুলি ও কোপ মারা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা প্রথমে চার চাকা গাড়িটি আটকায়। এর পরে গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। এর পরেই গুলি চালানো শুরু হয়। কয়েক রাউন্ড গুলি চালানোর পরে আনিসুর রহমান ও আবু সুফিয়ানকে গাড়ি থেকে টেনে বার করে প্রথমে গুলি এবং পরবর্তীতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হরনগর অঞ্চলে জোব্বার একটা সময়ে ছিলেন শেষ কথা। জোব্বারের স্ত্রী ফতেমা বিবিও দীর্ঘদিন ধরে হরনগর গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। পালাবদলের পরে গ্রেপ্তার হন ফতেমার স্বামী জোব্বার শেখ। স্বামী জেলে যাওয়ার বদলা হিসেবেই কি কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে এ ভাবে খুন করা হলো, ভাবাচ্ছে তদন্তকারীদের।
নাকাশিপাড়ায় কারা খুন হয়েছেন?
কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান খুন হয়েছেন।
কোথায় এই হামলার ঘটনা ঘটে?
শনিবার রাতে নদিয়ার নাকাশিপাড়ার নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে হামলা চালানো হয়।
কী ভাবে আনিসুর রহমান ও তাঁর ছেলেকে খুন করা হয়?
অভিযোগ, প্রথমে তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া ও গুলি চালানো হয়। পরে দু’জনকে গাড়ি থেকে বার করে গুলি ও ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়।
ঘটনায় কারা গ্রেপ্তার হয়েছেন?
তৃণমূল নেতা জোব্বার শেখের স্ত্রী তথা হরনগর গ্রামপঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি, সাহেব আলি মণ্ডল এবং মিঠুন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
খুনের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি?
তদন্তকারীরা এই সম্ভাবনাও খতিয়ে দেখছেন। জোব্বার শেখ গ্রেপ্তার হওয়ার বদলা হিসেবে এই জোড়া খুন করা হয়েছিল কি না, তা তদন্তে উঠে আসবে।