• আশিসের পরিবারকে ফোন শুভেন্দুর, কী কথা হল? যা জানালেন মুখ্যমন্ত্রী
    আজ তক | ১৬ আগস্ট ২০২৬
  • Ashish Banerjee Death: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সেই ঘটনাতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে জানান, কিছুক্ষণ আগেই আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। বলেন, 'আশিস ভদ্র রাজনৈতিক নেতা ছিলেন। স্থানীয় বিজেপির সঙ্গেও তাঁর সুসম্পর্কই ছিল, তাঁর পরিবার আমাকে জানিয়েছে।' 

    শুভেন্দু বলেন, আশিসের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আশিস তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানান। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন শুভেন্দু।

    ‘বিজেপি বিধায়কও পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন’
    আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা হলেও তাঁর সঙ্গে অন্য দলের নেতাদেরও সৌজন্যের সম্পর্ক ছিল বলে দাবি করেন শুভেন্দু।

    নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক আশিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমনকি তাঁকে পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু বলেন, আশিসের পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন, স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গেও আশিসের সম্পর্ক ভাল ছিল। পুলিশের সঙ্গেও তাঁর ভাল যোগাযোগ ছিল বলে পরিবার জানিয়েছে।

    ‘দুর্নীতিগ্রস্তরা পরিবারকে ভয় দেখিয়ে থাকতে পারে’
    আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু। তাঁর দাবি, তৃণমূলের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি পরিবারের সদস্যদের ভয় দেখানোর চেষ্টা করতে পারেন।

    তাই পরিবারকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে কোনও রকম চাপ বা হুমকির ঘটনা ঘটলে পুলিশকে জানানো প্রয়োজন বলেও ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। 

    আশিসের ফোনের কল রেকর্ড দেখার দাবি
    আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তে তাঁর ফোনের কল রেকর্ড পরীক্ষা করা উচিত বলে জানিয়েছেন শুভেন্দু।

    মৃত্যুর আগে তিনি কার সঙ্গে কথা বলেছিলেন, কারও সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল কি না, শেষ সময়ে তাঁর সঙ্গে কার যোগাযোগ হয়েছিল; এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে।

    পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। 

    আশিস রামপুরহাটের দীর্ঘ দিনের বিধায়ক ছিলেন। ২০০১ সাল থেকে ২০২৬ পর্যন্ত টানা ২৫ বছর ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন।

    দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার
    রবিবার সকালে রামপুরহাটে নিজের বাড়ির কাছের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরের দায়িত্বও সামলেছেন।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

     
  • Link to this news (আজ তক)