• টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী, উদ্ধার লক্ষাধিক টাকা সহ জমির দলিল
    আজ তক | ১৬ আগস্ট ২০২৬
  • টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সায়গল হোসেন। টুলুর দুর্নীতিকাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল। এই সায়গল হোসেনের ফ্ল্যাটে গতকাল প্রায় ১৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চলে পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, ১৫০-র বেশি জমির দলিল, খবর পুলিশ সূত্রে। টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যখন নতুন মোড় নিচ্ছে, তখনই সায়গলের বাড়িতে পুলিশ ও এসটিএফের হানা।  

    শুক্রবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত দীর্ঘ তল্লাশি অভিযান চলে সায়গল হোসেনের বাড়িতে। পুলিশ ও এসটিএফের এই অভিযানে বীরভূম-সহ জেলার বাইরের বিভিন্ন জায়গার ২০০ থেকে ৩০০ টিরও বেশি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। শুধু কাগজপত্র নয়, তল্লাশিতে সোনার গয়না এবং নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ঠিক কত টাকা এবং কত পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, সেই হিসেব এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া প্রতিটি নথি এখন তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন নাম। সেই তালিকায় এবার সায়গল হোসেনের নাম আরও একবার আলোচনার কেন্দ্রে। 

    গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সঙ্গে তিহার জেলে ছিলেন সায়গেল। সেই অতীতের সূত্রের সঙ্গে এবার টুলু মণ্ডলের সম্পত্তির তদন্তের নতুন যোগ তৈরি হচ্ছে কি না, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে সামনে এসেছে আরও একটি নাম—মিঠু শেখ। তাঁর বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। ফলে তদন্তের পরিধি যেন ধীরে ধীরে আরও বাড়ছে। একদিকে টুলু মণ্ডলের সম্পত্তির হিসেব, অন্যদিকে একের পর এক ব্যক্তির বাড়িতে তল্লাশি—সবকিছুকে মিলিয়ে এখন তৈরি হচ্ছে এক জটিল ছবি। 

    এই তদন্তের আবহে নতুন করে আলোচনায় আসছে অনুব্রত মণ্ডলের পুরনো বক্তব্যও। প্রকাশ্যে তিনি দাবি করেছিলেন, পাথর রাজস্ব আদায়ের টাকা অভিষেকের কাছে পৌঁছে যেত। আবার টুলু মণ্ডলের সঙ্গে তাঁর নাম জড়ানো হলে মানহানির মামলা করার কথাও জানিয়েছিলেন তিনি। ফলে অতীতের সেই বক্তব্যের পাশে এখন সায়গলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির দলিল—দুই প্রান্তকে মিলিয়ে দেখতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে জল্পনা আর প্রমাণ এক নয়। টুলু মণ্ডলের সঙ্গে সায়গেল হোসেনের কোনও আর্থিক যোগাযোগ ছিল কি না, উদ্ধার হওয়া সম্পত্তির দলিলের সঙ্গে সেই যোগাযোগের কোনও সম্পর্ক রয়েছে কি না—সবটাই এখনও তদন্তসাপেক্ষ। 

    কিন্তু তদন্তের গতিপথ যে বদলেছে, সায়গেলের বাড়িতে এই দীর্ঘ তল্লাশি এবং মিঠু শেখের নাম সামনে আসার পর সেই প্রশ্নই এখন আরও জোরালো। একের পর এক দলিল, সোনা, নগদ টাকা আর একাধিক নাম—টুলু মণ্ডল কাণ্ডের অন্ধকারে এবার কোন নতুন তথ্যের আলো জ্বলে ওঠে, নজর এখন সেদিকেই।

    রিপোর্টার-শান্তনু হাজরা
     
  • Link to this news (আজ তক)