• নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৬
  • কয়লা পাচার মামলার কিনারা করতে এবার বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলার মূল অভিযুক্ত তৃণমূলের একদা যুবনেতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে জালে আনতে ‘ওপেন ওয়ারেন্ট’ জারি হবে। সূত্রের খবর, সিবিআইয়ের এই আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির আদালত। আর কোনও নথির প্রয়োজন নেই। এবার বিনয় মিশ্রকে দেখলেই গ্রেপ্তার করা হবে। এধরনের অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই। আজীবন তা প্রযোজ্য হতে পারে। সিবিআইয়ের এই ‘ওপেন ওয়ারেন্টে’ কয়লা মাফিয়া বিনয় মিশ্র আরও বিপাকে পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য।

    ‘ওপেন ওয়ারেন্ট’ বিষয়টি কী? আইনি পরিভাষায়, গ্রেপ্তারি পরোয়ানার সর্বোচ্চ স্তর এটি। কারও বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি হলে তা আজীবন প্রযোজ্য থাকবে। যেখানে যখন ওই অভিযুক্তকে দেখা যাবে, সেখানে তাঁকে গ্রেপ্তার করা যাবে কোনও নথি ছাড়াই। আলাদা করে আদালতের কোনও গ্রেপ্তারি পরোয়ানা তাঁকে দেখানোর প্রয়োজন নেই পুলিশ বা তদন্তকারী সংস্থার। এর আগে বিনয় মিশ্রের বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। তাতে গ্রেপ্তার করা যায়নি অভিষেক ঘনিষ্ঠ ব্যবসায়ীকে। মামলায় জড়ানোর পরই তিনি সুদূর ভানুয়াতু দ্বীপে পালিয়ে যান এবং সেখানকার পাসপোর্ট তৈরি করেছেন বলে খবর। সেই পাসপোর্ট ব্যবহার করে বিনয় মিশ্র দুবাই, লন্ডনেও যাতায়াত করেন। ভানুয়াতুর সঙ্গে ভারতের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকায় বিনয়কে গ্রেপ্তার করতে রীতিমতো ফাঁপড়ে পড়ে সিবিআই।

    তাতেই কার্যত বাধ্য হয়ে এবার ‘ওপেন ওয়ারেন্ট’ জারি করার পথে হাঁটল সিবিআই। সম্প্রতি দিল্লির সিবিআই আদালতে এই আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারীরা। ওই শুনানিতে ভারচুয়ালি অংশগ্রহণ করেছিলেন তদন্তকারী অফিসারও। জানা গিয়েছে, সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছেন সিবিআই আদালতের আইনজীবী। সিবিআইয়ের দাবি, যেহেতু বিনয় মিশ্র বিদেশে যাতায়াত করেন, তাই তাঁকে গ্রেপ্তার করা সময়সাপেক্ষ। আর সেই কারণেই ‘ওপেন ওয়ারেন্ট’, যাতে তার মেয়াদ থাকে আজীবন। এবং বিনয়কে গ্রেপ্তার করা সম্ভব হয়।
  • Link to this news (প্রতিদিন)