দুষ্কৃতীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময়ে আক্রান্ত পুলিশ! রাস্তা আটকে দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে ধরপাকড় চলে। ঘটনায় থমথমে এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাকাতির ঘটনার তদন্তে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় অভিযান চালায়। গতকাল, শনিবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওই গ্রামে গিয়েছিল। অভিযুক্ত চারজনকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেসময় বেশ কিছু মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পুলিশের উপর হামলা চালানো হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী জখমও হন। যদিও গাড়ি থেকে দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যেতে পারেনি ওই হামলাকারীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। হামলাকারীরা পালিয়ে গেলে দুষ্কৃতীদের থানায় নিয়ে আসা হয়। আজ রবিবার ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযানে যায়। বাড়ি বাড়ি চলে খানাতল্লাশি। ডিসিপি ইস্ট-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, “একটি ডাকাতির ঘটনার তদন্ত করছিল পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নিয়ে আসার সময় এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকায়। পরে পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। ঘটনায় দু’জন পুলিশকর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। এরপর রবিবার পুলিশ ফের অভিযানে নামে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”