• রাজ্যে চালু হলো ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প, সরকারি হাসপাতালে থাকবে ‘অমৃত ফার্মেসি’, কী কী সুবিধা মিলবে?
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • রবিবার, ১৬ অগস্ট থেকে রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এ দিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে এই প্রকল্প চালু করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলও।

    মুখ্যমন্ত্রী এ দিন জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার। সত্তরোর্ধ্ব প্রত্যেক রাজ্যবাসীই এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি ৮০ লক্ষ রাজ্যবাসী পাবেন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। পূর্বতন সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ শুরু করা হচ্ছে। জানানো হয়েছে, দু’টি প্রকল্প মিলিয়ে সারা দেশের ৩৮,৬০৪টি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

    ১) আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৬২৮টি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, ১৩৬৯টি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ও ২৫৩টি NABH অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।

    ২) https://beneficiary.nha.gov.in/ থেকে এই চিকিৎসা প্রতিষ্ঠান বা হাসপাতালগুলির বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন।

    ৩) ওই ওয়েবসাইট থেকে আপনি আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

    ৪) আগে স্বাস্থ্যবিমা প্রকল্পে ১৭০০ রোগের চিকিৎসা পাওয়া যেত। এখন ১৯৫০ রোগের চিকিৎসা পাওয়া যাবে।

    আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি রাজ্যে চালু করা হচ্ছে ‘অমৃত ফার্মাসি’। রাজ্যের ১০০টি সরকারি হাসপাতালে এই ‘অমৃত ফার্মেসি’ থাকবে। এর মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ৫০-৮০ শতাংশ ছাড়ে কেনা যাবে। সরকারি হাসপাতালে এই ফার্মেসি চালু করার জন্য একটি কোম্পানির সঙ্গে মৌচুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার।

  • Link to this news (এই সময়)