• গোপনে মহিলার ছবি, যাত্রীরা চেপে ধরতেই পিস্তল তাক করলেন CISF জওয়ান, দিল্লি মেট্রোয় চাঞ্চল্য
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • গোপনে মহিলা যাত্রীর ছবি তোলার অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। রবিবার ভোরে দিল্লি মেট্রোর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীরা তাঁকে ঘিরে ধরতেই শুরু হয় বচসা। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সার্ভিস পিস্তল বের করে যাত্রীদের দিকে তাক করেন ওই জওয়ান। ঘটনার পরেই ওই অভিযুক্তকে সাসপেন্ড করেছে CISF। শুরু হয়েছে তদন্ত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে, প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ। অভিযোগ, মেট্রোর কোচে থাকা এক মহিলা আচমকাই লক্ষ্য করেন, এক সিআইএসএফ জওয়ান মোবাইলের ক্যামেরায় গোপনে তাঁর ছবি তুলছেন। বিষয়টি বুঝতে পেরেই তিনি প্রতিবাদ জানান। অভিযোগ, প্রথমে ছবি তোলার কথা পুরোপুরি অস্বীকার করেন ওই জওয়ান। দাবি করেন, তিনি কোনও ছবি তোলেননি। কিন্তু ততক্ষণে বিষয়টি নজরে আসে মেট্রোর অন্যান্য যাত্রীদেরও। তাঁরা এগিয়ে এসে অভিযুক্ত জওয়ানকে ঘিরে ধরেন।

    জওয়ানের মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন তাঁরা। তখনই গ্যালারিতে ওই তরুণীর একাধিক ছবি পাওয়া যায়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যাত্রীরা অবিলম্বে মোবাইল থেকে ছবিগুলি ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত জওয়ান ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু যাত্রীরা তাঁকে আটকে দেন। মেট্রোর কামরার মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়।

    এই সময়ে আচমকাই সার্ভিস পিস্তল বের করে তিনি যাত্রীদের দিকে উঁচিয়ে ধরেন বলে অভিযোগ। ভয় পেয়ে যান সবাই। সেই সুযোগে ওই জওয়ান ট্রেন থেকে নেমে যান বলে অভিযোগ। ঘটনা সামনে আসতেই অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। সিআইএসএফ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে গোটা ঘটনার উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে ওই তরুণী অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। সিআইএসএফ-এর তরফে জানানো হয়েছে, তদন্ত রিপোর্ট এবং পরে কোনও লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    প্রশ্ন: ঘটনাটি কোথায় ঘটেছে?

    উত্তর: দিল্লি মেট্রোর একটি কোচে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

    প্রশ্ন: CISF জওয়ানের বিরুদ্ধে কী অভিযোগ?

    উত্তর: ওই মহিলা যাত্রীর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই মোবাইলে ছবি তুলছিলেন জওয়ানটি।

    প্রশ্ন: যাত্রীরা কী করেছিলেন?

    উত্তর: যাত্রীরা জওয়ানকে ঘিরে ধরে তাঁর মোবাইল পরীক্ষা করেন এবং ছবিগুলি মুছে ফেলার দাবি জানান বলে অভিযোগ।

    প্রশ্ন: কেন আতঙ্ক ছড়ায়?

    উত্তর: বচসা ও ধস্তাধস্তির মধ্যে জওয়ান সার্ভিস পিস্তল বার করে যাত্রীদের দিকে তাক করেছিলেন বলে অভিযোগ।

    প্রশ্ন: অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

    উত্তর: CISF তাঁকে সাসপেন্ড করেছে এবং ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

    প্রশ্ন: ওই মহিলা কি পুলিশের কাছে অভিযোগ করেছেন?

    উত্তর: পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই মহিলা এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

  • Link to this news (এই সময়)