• বারান্দা থেকে উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা, পুজোয় কোন অফবিটে যাবেন?
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • পুজোর ছুটিতে নর্থ বেঙ্গলের টিকিট কেটে ফেলেছেন। কিন্তু কোথায় যাবেন— ঠিক করেছেন কি? চেনা ঠিকানায় আর যেতে চান না? ভিড় এড়িয়ে পাহাড়ের স্বাদ নিতে চান? এই সুযোগ মিলতে উত্তরবঙ্গের এই ৩ ঠিকানায়। পুজোর সময়ে উত্তরবঙ্গে পর্যটকের ভিড় থাকে। তিল ধারণের জায়গা থাকে না। তবু এই ৩ জায়গায় মিলতে পারে স্বস্তি। 

    পুজোয় দার্জিলিং যাওয়ার ভুল ভুলেও করবেন না। তবে দার্জিলিং থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে রয়েছে অচিনপুর। নাম বাদামতাম। মলরোড থেকে লেবংয়ের রাস্তা ধরে এগোলেই পাবেন চা বাগান, রেসকোর্স। তার সঙ্গে জনবসতিও রয়েছে। আর তারপরেই দেখা পাবেন বাদামতামের। এই পাহাড়ি বস্তিও চা বাগানে ঘেরা। আর বাদামতামের মেটো পথ ধরে ২ কিলোমিটার হেঁটে গেলেই পাবেন মাঝিটার। এখানে রঙ্গিতের সঙ্গে রংডুং খোলা মিশেছে। এখানে রয়েছে ব্রিটিশদের তৈরি ঝুলন্ত সেতুও। দু’রাত কাটাতে পারেন এই বাদামতামে। দার্জিলিং থেকে বাদামতাম যাওয়ার শেয়ার গাড়িও পাবেন।

    দার্জিলিং শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে রংভং। নিউ জলপাইগুড়ি থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। শান্ত, নিরিবিলি গ্রাম। খোলা আকাশ, সবুজ প্রান্ত আর পাহাড়ের কোলে মেঘেদের ভেসে বেড়ানো— প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক অনবদ্য ঠিকানা। হোমস্টের জানলা থেকে উঁকি দেবে পাইনের সারি আর চা বাগান। পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন গোটা গ্রাম। আবার সময় কাটাতে পারেন রংভং নদীর ধারে। এখান থেকে মাজুয়া, সুখিয়াপোখরি, লেপচাজগত ইত্যাদি জায়গাও ঘুরে নেওয়া যায়। 

    কোলাখাম থেকে একটু নীচে নামলেই খুঁজে পাবেন এই আস্তানা। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে লুংচু। লাভা থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এখানে হোমস্টের সংখ্যা কম। তাই পর্যটকের ভিড় পাবেন না। তবে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে, যদি আকাশ পরিষ্কার থাকে। লুংচু থেকে কালিম্পংয়ের বিভিন্ন জায়গা ঘুরতে নিতে পারেন। তাবাকোশি, বানকুলুং, বিজনবাড়ি, লামাগাঁও থেকে শুরু করে মুলখারকা হ্রদেও যেতে পারেন।

    ১. পুজোয় উত্তরবঙ্গে কোথায় কম ভিড় পাওয়া যাবে?

    বাদামতাম, রংভং ও লুংচু বেছে নিতে পারেন।

    ২. বাদামতাম কোথায়?

    দার্জিলিং থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে বাদামতাম।

    ৩. রংভং থেকে কী কী জায়গা ঘোরা যায়?

    মাজুয়া, সুখিয়াপোখরি ও লেপচাজগত ঘুরে দেখতে পারেন।

    ৪. লুংচু কোথায় অবস্থিত?

    লাভা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে লুংচু অবস্থিত।

    ৫. লুংচুতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়?

    আকাশ পরিষ্কার থাকলে লুংচু থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে।

  • Link to this news (এই সময়)