Big Breaking: শ্রাবণ মাসের পবিত্র সোমবারে বিহারের লখিসরাইয়ের বিখ্যাত অশোকধাম মন্দিরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে ভোর থেকেই মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। সেই বিপুল ভিড়ের মধ্যেই হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ অশোকধাম মন্দির ঢোকার প্রবেশপথের মুখেই ঘটনাটি ঘটে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় এ দিন মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। হাজার হাজার মানুষ শিবলিঙ্গে জলাভিষেকের জন্য অপেক্ষা করছিলেন। ভিড় বাড়তে বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মন্দিরের কাছে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই তারে বিদ্যুৎ রয়েছে বলে ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিত ভক্তদের একাংশ হঠাৎ সরে যেতে শুরু করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
অন্যদিকে, লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিপুল ভিড় সামলানোর জন্য প্রশাসনের তরফে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এদিন ভিড়ের পরিমাণ ছিল প্রত্যাশার তুলনায় অনেক বেশি। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৬টা ৩০ থেকে ৬টা ৪৫ মিনিটের মধ্যে দু’টি ট্রেন সেখানে পৌঁছয়। সেই ট্রেনে আসা বহু পুণ্যার্থী যার ফলে একসঙ্গে আরও বহু মানুষ মন্দিরের দিকে চলে আসেন। ভিড়ের চাপে একদিকে ব্যারিকেড ভেঙে যায় এবং কয়েকজন ভক্ত একে অপরের উপর পড়ে যান। প্রশাসন দ্রুত ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানিয়েছেন তিনি।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, মন্দিরের প্রবেশপথের কাছে প্রায় ১০০ জনের একটি দল ব্যারিকেডের দিকে চাপ সৃষ্টি করছিল। জায়গাটি ঢালু হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বাঁশের ব্যারিকেড ভেঙে পড়ার পর পিছন থেকে আসা ভিড়ের চাপে অনেকে মাটিতে পড়ে যান এবং তাঁদের উপর দিয়েই অন্যরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রত্যক্ষদর্শীর এই দাবিগুলি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
লখিসরাইয়ের SDPO শিবম কুমার সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁর কথায়, ‘মন্দির চত্বরে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার জেরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এর পরেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি।’ তবে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়াই যে দুর্ঘটনার নিশ্চিত কারণ, তা এখনও বলা যাচ্ছে না। সব তথ্য যাচাই করার পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন SDPO। অর্থাৎ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাকি ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু—নাকি দু’টি ঘটনাই পরস্পরের সঙ্গে যুক্ত, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। শ্রাবণের পবিত্র সোমবারে পুজো দিতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে অশোকধাম মন্দির ও লখিসরাই জুড়ে।
প্রশ্ন: অশোকধাম মন্দিরে কী ঘটেছে?
উত্তর: বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
প্রশ্ন: অশোকধাম মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: অশোকধাম মন্দির বিহারের লখিসরাই জেলায় অবস্থিত। এটি ভগবান শিবের একটি প্রসিদ্ধ মন্দির।
প্রশ্ন: অশোকধাম মন্দিরের অন্য নাম কী?
উত্তর: অশোকধাম মন্দিরকে ইন্দ্রদমেশ্বর মহাদেব মন্দির নামেও উল্লেখ করা হয়।
প্রশ্ন: অশোকধাম মন্দিরে কতজনের মৃত্যু হয়েছে?
উত্তর: NDTV-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
প্রশ্ন: ঘটনায় কতজন আহত হয়েছেন?
উত্তর: বহু মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। আহতের নির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট নয়।
প্রশ্ন: অশোকধাম মন্দির কেন বিখ্যাত?
উত্তর: এটি ভগবান শিবের একটি জনপ্রিয় মন্দির। শ্রাবণ ও শিবরাত্রির মতো সময়ে এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়।