কতগুলি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা? জানিয়ে দিলেন শুভেন্দু
আজ তক | ১৭ আগস্ট ২০২৬
রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই দুই প্রকল্পের আওতায় থাকছে রাজ্যের ১,২৪০টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রকল্পগুলির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, দুই প্রকল্পের সুবিধাভোগীরা এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।
এদিনের মুখ্যমন্ত্রী বলেন, “আগে রাজ্য সরকারের প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন আপনারা গোটা দেশে এর সুবিধা পাবেন।” মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন সুবিধাভোগীরা। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য নন, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে। আর এই সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, দুই প্রকল্পে প্রায় ১,৯৫০টি চিকিৎসা প্যাকেজের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা মিলে মোট ১৯৫০টি রোগের চিকিৎসা করা হবে। রাজ্যের আগের স্বাস্থ্য প্রকল্পে ১,৭০০-র বেশি চিকিৎসা পদ্ধতি ছিল বলে জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্পের আওতায় চুক্তি হওয়ার পর সুবিধাভোগীরা ১০০টি ‘অমৃত’ ফার্মেসি এবং প্রায় ৪৮০টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র থেকেও পরিষেবা পাবেন। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার একটি চক্ষু চিকিৎসা কর্মসূচিও চালু করেছে। তিনি নিজেও এই উদ্যোগের আওতায় চোখ পরীক্ষা করিয়েছেন বলে জানান।
আগের স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে তুলে শুভেন্দু অধিকারী বলেন, আগে নির্দিষ্ট একটি অংশের মানুষ কিছু পরিষেবার সুবিধা পেতেন, কিন্তু তা সর্বজনীন ছিল না। আয়ুষ্মান ভারতকে রাজ্যের স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত করার ফলে পশ্চিমবঙ্গের বাইরেও মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার আরও বেশি সুযোগ পাবেন।