• ‘হিন্দুদের সহ্য করি’, বললেন জ়ারদারি, পাল্টা ‘১০ পার্সেন্ট’ জাভেদের
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • এই সময়: হিন্দুদের নিয়ে মন্তব্য করায় পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারিকে এক হাত নিলেন কবি ও গীতিকার জাভেদ আখতার। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে জ়ারদারি বলেন, ‘আমাদের দেশ এবং দেশের মুসলিম সংখ্যাগুরু জনগণ সংখ্যালঘু ৩-৪ শতাংশ হিন্দুকে সহ্য করি।’ এতেই ক্ষুব্ধ জাভেদ পাল্টা জবাবে ‘টেন পার্সেন্ট’ খোঁচা দেন জ়ারদারিকে।

    পাক স্বাধীনতা দিবসে জ়ারদারিকে বলতে শোনা গিয়েছে, ‘ভারতের দৃষ্টিভঙ্গি আলাদা। ওদের নিজস্ব অ্যাজেন্ডা আছে। ওরা অখণ্ড ভারতের কথা বলে। কিন্তু এর মধ্যে ওরা অনেক কিছু ভুলে যাচ্ছে।’ পাক প্রেসিডেন্টের সংযোজন, ‘আমরা মুসলিম। ওরা নয়। কিন্তু আমরা এমন মুসলিম যে, আমরা পাকিস্তানে ৩-৪ শতাংশ হিন্দু জনসংখ্য াকে সহ্য করে নিই। অন্য কোথাও যেমন থাকতেন, তেমন এখানেও তাঁরা স্বাধীন, ভালো আছেন। ওঁরা ওদের (পড়ুন ভারতের) সঙ্গে নয়, আমাদের সঙ্গেই থাকতে চান।’

    প্রত্যুত্তরে নিজের এক্স হ্যান্ডলে জাভেদ আখতার লিখেছেন, ‘বেনজ়ির ভুট্টো তাঁকে বিয়ে করার পরে প্রচারের আলোয় এসেছেন যে জ়ারদারি, তিনি বলছেন ৩-৪ শতাংশ হিন্দুকে সহ্য করার কথা! অবশ্য মিস্টার জ়ারদারি আমি বুঝি, পৃথিবীতে ১০ শতাংশের নীচে যা যা আছে, সে সবের প্রতি আপনি সর্বদাই অসংবেদনশীল।’ জাভেদ এ-ও লিখেছেন, ‘পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের জন্য ভারত বরাবরই সৎ ভাবে চেষ্টা চালিয়েছে। পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের রাস্তা আমরা খুলেছি, ওদের শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এক হাতে তো তালি বাজে না! সম্পর্ক ভালো করতে পাকিস্তান কোনও পদক্ষেপই করেনি।’

    স্ত্রী বেনজ়ির ভুট্টোর শাসনকালে বিভিন্ন সরকারি এবং বাণিজ্যিক চুক্তিতে জ়ারদারির প্রত্যক্ষ ভূমিকা থাকত। অভিযোগ, প্রতিটি চুক্তিতে তিনি ‘কমিশন’-এর নাম করে চুক্তির মোট অঙ্কের ১০ শতাংশ ঘুষ নিতেন। সে কারণেই পাক রাজনীতিতে তাঁর নাম হয়ে যায় ’১০ পার্সেন্ট জ়ারদারি’। জাভেদ আখতার সেই খোঁচাই দিয়েছেন পাক প্রেসিডেন্টকে।

  • Link to this news (এই সময়)