• পতাকা তুলতে গিয়ে হেনস্থার শিকার সোনারপুরের তৃণমূল কাউন্সিলার
    এই সময় | ১৭ আগস্ট ২০২৬
  • এই সময়, সোনারপুর: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন রাজপুর-সোনারপুর পুরসভার এক তৃণমূল কাউন্সিলার। অভিযোগ, পতাকা তোলায় বাধা দেওয়ার পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়, গায়ে কাদা ছোড়া হয়। বুকে, মুখে, গালে লাগে নোংরা কাদা।

    নিগৃহীত কাউন্সিলারের নাম কৃষ্ণপদ মণ্ডল, তিনি রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এ ব্যাপারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর যাচাই করেনি এই সময়)। সত্যতা সোনারপুর দক্ষিণ বিধানসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি দলীয় কার্যালয় আছে। সোনারপুর থানার কাছে ওই কার্যালয়ের এক পাশের ঘর থেকে চলত মা ক্যান্টিন।

    পালাবদলের পর এখন সেখান থেকেই চলছে 'মা আহার'। শনিবার সকালে ওই কার্যালয়ে গিয়েছিলেন কৃষ্ণপদ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাউন্সিলার পতাকা তোলার জন্য হাজির হতেই বিজেপির কর্মীরা তাঁকে ঘিরে ধরে চড়াও হয়। এক যুবক টেনে তাঁর জামার সবক'টি বোতাম ছিড়ে দেয়। মহিলারা কাদা ছুড়ে মারে কাউন্সিলারকে। চরম অপমানিত হয়ে কৃষ্ণপদ কেঁদে ফেলেন। সেই সময়ে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।

    বিধ্বস্ত কাউন্সিলার থানায় কোনও অভিযোগ করেননি। সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে চাননি। বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জিত সরকার বলেন, 'স্বাধীনতা দিবসে তৃণমূল কাউন্সিলার সরকারি জায়গা তাঁদের দলের পতাকা দিয়ে মুড়ে দিয়েছিলেন। এটা এলাকার মানুষ ভালোভাবে নেয়নি। তাদের সঙ্গে কাউন্সিলারের বাকবিতণ্ডা হয়।'

  • Link to this news (এই সময়)