নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সামনেই চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে। তার আগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। অথচ কী কারণে তা ফ্রিজ় করা হলো, ব্যাঙ্কের তরফে স্পষ্ট করা হয়নি। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হতে পারে? ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ় করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটির দ্রুত শুনানি করা হোক, সে আর্জি জানান তিনি।
বিচারপতি রাও জানতে চান, কোনও তদন্ত কি চলছে? আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ের কোনও সম্পর্ক নেই। বিচারপতি জানান, মামলার অন্য পক্ষকে নোটিস দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে।