: নদীর একূল ভাঙে তো ওকূল গড়ে। কিন্তু সেই ভাঙন যদি কেড়ে নেয় রুটিরুজি আর বাস্তুভিটে, তখন আতঙ্কের শেষ থাকে না। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা। জল বেড়েছে একাধিক নদীতেও। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে সুবর্ণরেখা নদী। জলের তোড়ে রীতিমতো ফুলেফেঁপে উঠেছে সুবর্ণরেখা। আর তার জেরেই নতুন করে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দাঁতন এলাকার সিংদা গ্রামের সাধারণ বাসিন্দারা।